পাওনা না পেয়ে ক্ষোভ ঝাড়লেন ‘মেঘদল’ গায়ক

অসুস্থ হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন জনপ্রিয় ব্যান্ড মেঘদলের গিটারিস্ট ও সাউন্ড ইঞ্জিনিয়ার রাশিদ শরীফ শোয়েব। ডেঙ্গু, ডায়াবেটিসসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন তিনি। টানা সাত দিন ধরে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এই সংগীতশিল্পী। অসুস্থতার পাশাপাশি আর্থিক সংকটেও পড়েছেন শোয়েব। দীর্ঘদিন ধরে বিভিন্ন কাজের পারিশ্রমিক বকেয়া থাকায় নিজের চিকিৎসার খরচ মেটাতে মায়ের জমানো সঞ্চয়পত্র ভাঙতে হচ্ছে বলে জানিয়েছেন তিনি। নিজের বর্তমান শারীরিক অবস্থাকে ভয়ানক উল্লেখ করে সবার কাছে দোয়া চেয়েছেন এই শিল্পী। 

শোয়েব জানান, ২০১১ সালে নিকেতনে মিউজিশিয়ান ও সাউন্ড ইঞ্জিনিয়ার হিসেবে কাজ শুরু করেন তিনি। পরবর্তীতে বিজ্ঞাপনচিত্র, ওয়েব সিরিজ ও সিনেমার সাউন্ড এবং সংগীতের কাজেও যুক্ত হন। তবে বিভিন্ন কাজের পারিশ্রমিক সময়মতো না পাওয়ার অভিযোগ করেছেন তিনি। তার দাবি, ২০১২ থেকে ২০২৬ সাল পর্যন্ত বিভিন্ন কাজের জন্য তার পাওনা অর্থের পরিমাণ ৫০ লাখ টাকার কম নয়। সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের একটি পোস্টে বিষয়টি তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেন তিনি। 

 শোয়েব জানান, স্টুডিও আপগ্রেড করার পর এবার নিজের চিকিৎসার খরচও মায়ের সঞ্চয় থেকে চালাতে হচ্ছে। তবে আপাতত কারও নাম প্রকাশ করেননি তিনি। সংশ্লিষ্টদের অক্টোবরের শুরু পর্যন্ত বকেয়া পারিশ্রমিক পরিশোধের সময় দিয়েছেন এই সংগীতশিল্পী। নির্ধারিত সময়ের মধ্যে পাওনা পরিশোধ না হলে পরবর্তী সময়ে কঠোর অবস্থানে যাওয়ার ইঙ্গিতও দিয়েছেন শোয়েব। ‘হাওয়া’, ‘স্বপ্নজাল’ ও ‘রইদ’-এর মতো আলোচিত সিনেমার সাউন্ড ও সংগীতের কাজের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি।