হাম ও ডেঙ্গুতে মৃত্যু: সরকারের ভূমিকা নিয়ে জামায়াতের প্রশ্ন

দেশে হাম ও ডেঙ্গুতে মৃত্যুর ঘটনা অব্যাহতভাবে বাড়তে থাকায় এবং এসব রোগ নিয়ন্ত্রণে সরকারের কার্যকর ভূমিকা না থাকায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। 

বুধবার (২৩ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন।

বিবৃতিতে তিনি বলেন, দেশে হামে আক্রান্ত শিশুদের মৃত্যু এবং আক্রান্তের সংখ্যা ঊর্ধ্বমুখী হলেও সরকারের সময়োপযোগী ও কার্যকর ভূমিকা না থাকায় পরিস্থিতি মহামারি আকার ধারণ করেছে। আক্রান্ত শিশুদের পরিবার ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা ক্রমেই বাড়ছে। সরকার আক্রান্তের হার শূন্যের কোঠায় নামিয়ে আনার কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়া এবং আক্রান্তদের সুষ্ঠু ও উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা না থাকায় মৃত্যুর মিছিল থামছে না। হাম নিয়ন্ত্রণে সরকারের দায়সারা ভূমিকায় দেশবাসীর সঙ্গে আমরাও গভীরভাবে উদ্বিগ্ন। সরকারের উচিত হাম ও ডেঙ্গু নিয়ন্ত্রণে জাতীয় পরিকল্পনা গ্রহণ এবং হাসপাতালগুলোয় প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করা।

তিনি আরও বলেন, দেশে হামের উপসর্গ নিয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত ১ হাজার ১৫৭ জন হামের উপসর্গের রোগী এবং ১১৩ জন নিশ্চিত হামের রোগী শনাক্ত হয়েছেন।

হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, এ বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১ লাখ ৮৩ হাজার ৪৪৯ জন হামের উপসর্গের রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২০ হাজার ৮৫১। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। সরকারের হিসাবে, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ২০১ জনের মৃত্যু হলো। এর মধ্যে সেপ্টেম্বরে প্রাণ গেছে ১০৪ জনের।

গোলাম পরওয়ার বলেন, হামের পাশাপাশি বিভিন্ন বয়সী মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করায় পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান করলেও রোগটি নিয়ন্ত্রণে মাঠপর্যায়ে দৃশ্যমান পদক্ষেপ কিংবা কার্যক্রম শুরু না হওয়ায় ডেঙ্গুতে মৃত্যুহার বাড়ছে।

সরকার ডেঙ্গু নিয়ন্ত্রণে দায়সারা ও লোকদেখানো পদক্ষেপ নিলেও লুটপাট ও নগ্ন দলীয়করণের কারণে মশক নিধন কার্যক্রম মুখ থুবড়ে পড়েছে এবং লার্ভা ধ্বংস করতে ব্যর্থ হচ্ছে বলে দাবি করেন তিনি। সরকারের উদাসীনতা ও অব্যবস্থাপনায় দেশের স্বাস্থ্যব্যবস্থা ভগ্নদশায় পতিত হয়েছে এবং জনগণকে নানা রোগে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়ে এর মাশুল দিতে হচ্ছে।

অবিলম্বে সরকারকে সমন্বিত উদ্যোগের মাধ্যমে নাগরিকদের জীবন রক্ষায় হাম ও ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান জামায়াতের এই নেতা।