পারিবারিক দ্বন্দ্বের নাটক ‘ভাইয়ের ঘরে ভাই পর’

জমিজমা সংক্রান্ত বিরোধ, গ্রামের মেম্বারের চক্রান্ত এবং পারিবারিক ভুল বোঝাবুঝির টানাপড়েন নিয়ে তৈরি হয়েছে নতুন একক নাটক ‘ভাইয়ের ঘরে ভাই পর’। শাহাদাৎ আলম ভুবনের রচনা ও পরিচালনায় নাটকটি প্রযোজনা করেছেন খালিদ মাহমুদ সাইফুল্লাহ। আগামীকাল শুক্রবার ইউটিউব চ্যানেল ‘সিটিজেন ড্রামা’তে এটি মুক্তি পাবে।

নাটকটির গল্পে দেখা যাবে, দুই ভাইয়ের মধ্যে একসময় ছিল গভীর ভালোবাসা। গ্রামের মানুষের কান কথা ও জমির সীমানা নিয়ে দ্বন্দ্ব তৈরি হলে সেই সম্পর্কে ফাটল ধরে। একই সঙ্গে যুক্ত হয় দুই ভাইয়ের স্ত্রীর ভুল বোঝাবুঝি ও অলক্ষিত গোয়েন্দাগিরি। এই পারিবারিক সংকটকে কাজে লাগিয়ে কম দামে জমি হাতিয়ে নিতে মরিয়া হয়ে ওঠে স্থানীয় মেম্বার। সন্তানদের এই বিরোধের মাঝখানে পড়ে চরম বিপাকে পড়েন মা। পারিবারিক জটিলতা ও আবেগঘন পরিণতির মধ্য দিয়ে এগিয়েছে নাটকটির মূল আখ্যান।

প্রযোজক-পরিচালক জুটির এই নতুন কাজে সাব্বির আহমেদ ও নওশিন নাহার ছাড়া আরও অভিনয় করেছেন রেবেকা, ডা. হিরা, প্রশ্ন, মাহী, কে এম সাইফুল্লাহ, গৌতম দাস, যাদু সাইদুল, মিলন সরকার ও ময়না।