রেমিট্যান্সে সরাসরি বৈদেশিক মুদ্রা জমার সুযোগ

বিদেশি এক্সচেঞ্জ হাউজ ও আন্তর্জাতিক মানি ট্রান্সফার অপারেটরের (আইএমটিও) মাধ্যমে দেশে আসা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমা করার সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে এসব রেমিট্যান্স প্রাইভেট ফরেন কারেন্সি (পিএফসি) ও নন-রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট (এনএফসিডি) হিসাবে জমা করা যাবে। বৈদেশিক মুদ্রায় সঞ্চয়ের সুযোগ বাড়ানো এবং রেমিট্যান্স গ্রহীতাদের সুবিধা বাড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল বুধবার এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, প্রচলিত বিধান অনুযায়ী ব্যাংকিং চ্যানেলে পাওয়া বৈদেশিক মুদ্রার অন্তর্মুখী রেমিট্যান্সের বিপরীতে পিএফসি ও এনএফসিডি হিসাবে বৈদেশিক মুদ্রা জমা করার সুযোগ রয়েছে। নতুন ব্যবস্থায় বিদেশি এক্সচেঞ্জ হাউজ ও আন্তর্জাতিক মানি ট্রান্সফার অপারেটরের মাধ্যমে প্রেরিত রেমিট্যান্সও এ সুবিধার আওতায় আনা হয়েছে।

তবে এ ক্ষেত্রে বিদ্যমান বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ বিধিমালার সব প্রযোজ্য শর্ত ও পরিপালন নিশ্চিত করতে হবে।