পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। গতকাল বুধবার পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখার অতিরিক্ত ডিআইজি রায়হান উদ্দিন খানের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, বদলি হওয়া কর্মকর্তারা ও তাদের কর্মস্থলগুলো হলো মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মাসুমকে ঢাকা মহানগর পুলিশে, ঢাকার এসবির অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকিরুল হাসানকে বরিশালে, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান আসহাবকে এসবিতে, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফয়েজ উদ্দীনকে অ্যান্টি টেররিজম ইউনিটে বদলি করা হয়েছে। এ ছাড়া এসবির অতিরিক্ত পুলিশ সুপার মো. মমিনুল হককে ঝিনাইদহের কোটচাঁদপুর সার্কেলে, কুড়িগ্রামের উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুল আলমকে এসবিতে এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার সুশান্ত মজুমদারকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশে বদলি করা হয়েছে।

গুলশান ও বনানী থানায় নতুন ওসি : ঢাকা মহানগর পুলিশের গুলশান ও বনানী থানায় নতুন ওসি পদায়ন করা হয়েছে। গতকাল বুধবার ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের পদায়ন করা হয়। আদেশ অনুযায়ী, ডিএমপিতে সদ্য বদলিকৃত আবুজায়েদ মো. নাজমুন নুরকে গুলশান ও মো. সালাউদ্দিনকে বনানী থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একই আদেশে বনানী থানার ওসি মো. ফরিদুল ইসলামকে গোয়েন্দা বিভাগে বদলি করা হয়েছে। এর আগে গত ১৬ সেপ্টেম্বর রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের কারণে গুলশান মডেল থানার ওসি মো. দাউদ হোসেনকে ক্লোজ করা হয়।