রূপগঞ্জে কিশোর গ্যাং লিডার ‘কুত্তা শ্রাবণ’সহ গ্রেপ্তার ৪

নারায়ণগঞ্জের রূপগঞ্জের কিশোর গ্যাং লিডার শ্রাবণ ওরফে ‘কুত্তা শ্রাবণ’ ও তিন সহযোগীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও ছয়টি লম্বা রামদা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত অন্য তিনজন হলেনÑ সিয়াম, দিপু ও কামরুজ্জামান। গতকাল বুধবার এসআরবি ১১-এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ বলেন, শ্রাবণ দীর্ঘদিন ধরে রূপগঞ্জ ও এর আশপাশের এলাকায় কিশোর গ্যাং পরিচালনা ছাড়াও চাঁদাবাজি-ছিনতাইসহ সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করে আসছিলেন। শ্রাবণের বিরুদ্ধে হত্যা, হামলা, অগ্নিসংযোগ, অপহরণ, চাঁদাবাজি ও মারামারিসহ ১৮টি মামলা রয়েছে। গত মঙ্গলবার রাত ১টার দিকে রূপগঞ্জের চনপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

লে. কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শ্রাবণ ও তার তিন সহযোগীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শ্রাবণ দীর্ঘদিন ধরে রূপগঞ্জ ও আশপাশের এলাকায় কিশোর ও উঠতি বয়সী তরুণদের নিয়ে একটি সংঘবদ্ধ গ্যাং পরিচালনা করে আসছিলেন। তার নেতৃত্বাধীন গ্যাংয়ের সদস্য সংখ্যা ৫০ থেকে ৬০ জন। রূপগঞ্জে সক্রিয় দুটি প্রধান কিশোর গ্যাংয়ের একটি শ্রাবণ পরিচালনা করতেন। আরেকটি ‘নবী গ্রুপ’ নামে পরিচিত।

তিনি জানান, শ্রাবণ ও তার সহযোগীদের বিরুদ্ধে কেউ পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অভিযোগ করলে তাকে লক্ষ্য করে হামলা করা হতো বলে তথ্য পাওয়া গেছে। মামলার বাদী ও সাধারণ মানুষকে ভয়ভীতি দেখানোর কারণে অনেকে তার বিরুদ্ধে অভিযোগ করতে সাহস পেতেন না।

মাসুদ পারভেজ আরও জানান, ২০২৪ সালে যৌথ বাহিনীর অভিযানে শ্রাবণ গ্রেপ্তার হয়েছিলেন। প্রায় ছয় থেকে সাড়ে ছয় মাস পর জামিনে মুক্তি পেয়ে তিনি আবারও একই ধরনের অপরাধে জড়িয়ে পড়েন। গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তাদের রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।