চট্টগ্রামে এক থানার ওসিকে পেটানোর হুমকি দিয়ে নতুন করে আলোচনায় আসা পুলিশের তালিকাভুক্ত ‘সন্ত্রাসী’ ওয়াকিল হোসেন ওরফে বগা তার বাবাকে দিয়ে উল্টো পুলিশেরই বিরুদ্ধে আদালতে মামলা করে ‘ক্ষমতা’ দেখালেন। সম্প্রতি এক কলেজশিক্ষককে পিটিয়ে আহত করার ঘটনায় তার বিরুদ্ধে কেন মামলা রেকর্ড করা হলো নগরের খুলশী থানার ওসির কাছে সেই কৈফিয়তও চান তিনি। একপর্যায়ে মোবাইল ফোনে ওসিকে অশালীন ভাষায় গালাগালও করেন তিনি।
গত ৪ সেপ্টেম্বর শিক্ষক পেটানোর মামলায় বগাকে গ্রেপ্তার করতে গেলে তার অনুসারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ও ককটেলসদৃশ বস্তু নিক্ষেপ করে। এ সময় পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়। তার বাহিনীর হামলায় ওসিসহ ৬ পুলিশ সদস্য আহত হন। ঘটনার দুই সপ্তাহ পার হলেও তাকে ছুঁতেও পারেনি পুলিশ। উল্টো গত ১৩ সেপ্টেম্বর তার বাবাকে দিয়ে খুলশী থানার ওসি আবদুর রহিমসহ ৮ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেন বগা। শিক্ষক পেটানোর মামলায় এরই মধ্যে উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন বলে নিজের ফেসবুক পেজে অনুসারীদের নিয়ে পোস্ট দিয়েছেন বগা। তবে এ ব্যাপারে আদালত থেকে বগার জামিনসংক্রান্ত কোনো কাগজপত্র গত শনিবার পর্যন্ত থানায় আসেনি বলে জানিয়েছেন ওসি আবদুর রহিম।
নগরের খুলশী থানার ওসি আবদুর রহিম বলেন, ‘বগা যত বড় নেতাই হোক। তাকে ধরা পড়তেই হবে। তার বিরুদ্ধে অনেক ভুক্তভোগী একাট্টা হয়েছে। থানায় তার বিরুদ্ধে মামলা করতে বললে ভুক্তভোগীর লাইন পড়ে যাবে। নিজেকে স্বেচ্ছাসেবক দলের নেতা পরিচয় দিলেও তার সঙ্গে যোগ দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ৭/৮ জন দাগি সন্ত্রাসী। সন্ত্রাসী হিসেবে বগার নাম আছে পুলিশের খাতায়। তার বিরুদ্ধে খুলশী থানায় আছে অস্ত্র, বিস্ফোরক ও চাঁদাবাজির অভিযোগে ২৩টি মামলা। বগার দাপটে বিস্ময়ের ঘোরে পুলিশ।’
ওসিকে পেটানোর হুমকি, গ্রেপ্তার অভিযানে রাস্তায় ব্যারিকেড দিয়ে পুলিশের ওপর অনুসারীদের হামলা করে উল্টো পুলিশের বিরুদ্ধেই মামলা করার দৃষ্টতা কোথায় পেলেন বগা, কিংবা তার খুঁটির জোর কোথায়? এই প্রশ্নও উঠেছে সংশ্লিষ্ট মহলে। অপরাধকর্মে যুক্ত থাকায় গত ৮ জুন নগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক পদ থেকে বহিষ্কার হওয়া বগা চট্টগ্রাম নগর বিএনপির শীর্ষ এক নেতার অনুসারী হিসেবে পরিচিত।