তরুণ মেধাশক্তিই দেশের সবচেয়ে বড় সম্পদ : শিক্ষামন্ত্রী

ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বা তরুণ মেধাশক্তিই দেশের সবচেয়ে বড় সম্পদ বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, আজকের নতুন যুগে এআই ও আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় শিক্ষার ধরন বদলে গেছে। আগামী দিনের বাংলাদেশকে নেতৃত্ব দিতে হলে শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান সরকার শিক্ষায় যে বাজেট ও গুরুত্ব দিচ্ছে, তার সুফল পাবে তরুণ প্রজন্ম।

গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশন ও মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের যৌথ উদ্যোগে আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের বিভিন্ন ব্যাচের ৯০ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়। প্রত্যেক শিক্ষার্থী ২৪ হাজার টাকা করে মোট ২১ লাখ ৬০ হাজার টাকা বৃত্তি পেয়েছেন।

সংগঠনের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আশরাফুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অধ্যাপক ড. আবদুস সালাম, অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, অধ্যাপক ড. সিরাজুল হক এবং মেঘনা গ্রুপের পরিচালক ব্যারিস্টার তাসনিম মোস্তফা উপস্থিত ছিলেন।