স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায়

বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী তাকে শপথবাক্য পাঠ করান। এই শপথ গ্রহণের মাধ্যমে হাইকোর্ট বিভাগে স্থায়ী বিচারপতির সংখ্যা দাঁড়িয়েছে ১০০ জনে।

২০২৪ সালের ৮ অক্টোবর হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান দেবাশীষ রায় চৌধুরী। একই সময়ে নিয়োগ পাওয়া কয়েকজন অতিরিক্ত বিচারপতিকে ২০২৫ সালের নভেম্বরে স্থায়ী করা হলেও তাকে তখন স্থায়ী করা হয়নি।

সেসময় সুপ্রিম কোর্ট প্রশাসন জানিয়েছিল, বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বয়স ৪৫ বছর পূর্ণ না হওয়ায় তাকে স্থায়ী করা হয়নি। বয়সের শর্ত পূরণ হওয়ায় সোমবার তাকে হাইকোর্ট বিভাগে স্থায়ী করে প্রজ্ঞাপন জারি করে সরকার।

ব্রিটেন থেকে আইন বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জনের পর ২০০৫ সালে জেলা আদালতের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন দেবাশীষ রায় চৌধুরী। ২০০৭ সালে হাই কোর্ট বিভাগ এবং ২০১৮ সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন তিনি।

বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরীর ছেলে।