র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে থেকেও ৩-৪ পয়েন্টের লক্ষ্য জামালের

সামনেই ফিফা আসিয়ান কাপ। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই আয়োজক ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। মর্যাদাপূর্ণ এই আসর শুরুর আগে ফিফাকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজেদের লক্ষ্য ও প্রত্যাশার কথা জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দলগুলোকে নিয়ে আয়োজিত নতুন এই টুর্নামেন্টে বাংলাদেশের গ্রুপে রয়েছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। ফিফা র‌্যাঙ্কিংয়ের হিসাবে গ্রুপের অন্য তিন দলের চেয়ে পিছিয়ে বাংলাদেশ। তবে সেটিকে চাপ হিসেবে দেখছেন না জামাল। বরং নিজেদের সামর্থ্য অনুযায়ী ভালো করার লক্ষ্য নিয়েই মাঠে নামতে চান তিনি।

ফিফাকে দেওয়া সাক্ষাৎকারে জামাল বলেন, ‘এই টুর্নামেন্ট নিয়ে আমাদের নিজেদের এবং দেশের মানুষের বিশাল প্রত্যাশা রয়েছে। আমরা জানি গ্রুপে আমরাই সবচেয়ে পিছিয়ে আছি। তবে আমরা এই টুর্নামেন্ট থেকে তিন-চার পয়েন্ট পাওয়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছি। আর ফুটবলে কখন কী হয়, সেটা তো কেউ আগে থেকে বলতে পারে না!’

জাকার্তায় ইন্দোনেশিয়ার বিপক্ষে উদ্বোধনী ম্যাচে বিপুল দর্শকের সামনে খেলার সুযোগ নিয়েও রোমাঞ্চিত বাংলাদেশ অধিনায়ক। গ্রুপের প্রতিপক্ষদের র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা নিয়ে না ভেবে নিজেদের পারফরম্যান্সে মনোযোগ দিতে চান তিনি।

জাতীয় দলের হয়ে শততম ম্যাচের দ্বারপ্রান্তে থাকা জামালের ক্যারিয়ারও নানা চড়াই-উতরাই পেরিয়ে আজকের জায়গায় এসেছে। দুই দশক আগে ডেনমার্কের কোপেনহেগেনে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলেন তিনি। সেই কঠিন সময় পেরিয়ে এখন বাংলাদেশের জাতীয় দলের নেতৃত্ব দিচ্ছেন ৩৬ বছর বয়সী এই মিডফিল্ডার। যতদিন শরীর সায় দেবে, ততদিন দেশের হয়ে দায়িত্ব পালন করে যেতে চান লাল-সবুজ দলের এই অধিনায়ক। আর আসিয়ান কাপে ভালো করার পাশাপাশি তার দীর্ঘমেয়াদি স্বপ্ন বাংলাদেশের হয়ে বিশ্বকাপের মূলপর্বে খেলা।