মাইলস্টোন কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে ২০২৬–২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস। এরই অংশ হিসেবে রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।

স্বপ্নপূরণের দীপ্ত সূচনার দিনে বর্ণিল সাজ ও নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে মাইলস্টোন কলেজ ক্যাম্পাস। উচ্চমাধ্যমিক শিক্ষাজীবনের প্রথম দিনটিকে স্মরণীয় করে রাখতে নবীন শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা জানান কলেজের শিক্ষক-শিক্ষিকারা।

এ সময় নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর জহিরুল হক এবং উপাধ্যক্ষ (প্রশাসন) মো. মাসুদ আলম।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন মাইলস্টোন কলেজের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা কর্নেল নুরন নবী (অব.)। তিনি বলেন, ‘একাদশ শ্রেণি পড়াশোনার একটি নতুন ধাপ। এটি এমন একটি সময়, যা তোমাদের ভবিষ্যৎ পথরেখা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

নবীনদের উদ্দেশে কর্নেল নুরন নবী বলেন, ‘আজ থেকে শুরু হলো একটি সফল স্বপ্নের অভিযাত্রা। এই স্বপ্নযাত্রায় সারথি হয়ে তোমাদের পাশে থাকবে মাইলস্টোন কলেজ। অর্থাৎ মাইলস্টোন কলেজ স্বপ্ন দেখায় এবং সেই স্বপ্ন বাস্তবায়নে তোমাদের সবটুকু যোগ্য করে গড়ে তুলবে।’