রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৮

ইউক্রেনের রাজধানী কিয়েভ ও উত্তর-পূর্বাঞ্চলে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। বৃহস্পতিবারের (২৪ সেপ্টেম্বর) এসব হামলায় একটি প্রসূতি হাসপাতালসহ বেশ কয়েকটি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। খবর রয়টার্সের। 

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, কিয়েভে হামলায় দুইজন নিহত হয়েছেন। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে তিনি বর্তমানে নিউইয়র্কে রয়েছেন।

টেলিগ্রামে জেলেনস্কি বলেন, মানুষ যখন ঘুমিয়ে ছিল, তখন বিস্ফোরণের ঝলকে রাতের আকাশ আলোকিত হয়ে ওঠে। তাঁর অভিযোগ, হামলার প্রধান লক্ষ্য ছিল কিয়েভের বেসামরিক অবকাঠামো, আবাসিক ভবন, একটি প্রসূতি হাসপাতাল, জ্বালানি অবকাঠামো ও সরবরাহব্যবস্থা।

ইউক্রেনীয় পুলিশ জানিয়েছে, কিয়েভে নয়টি বাড়ি, একটি ডাকঘর, কয়েকটি গুদাম ও কয়েক ডজন গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলের একটি গ্রামের কৃষি খামারে সবজি সংরক্ষণের একটি স্থাপনায় রুশ হামলায় আরও ছয়জন নিহত ও ১২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রসিকিউটররা।

ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, রাতভর চালানো হামলায় হাইপারসনিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রসহ মোট ২৮২টি ড্রোন এবং অন্যান্য অস্ত্র ব্যবহার করা হয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়া আরও বেশি সংখ্যায় দ্রুতগতির ও প্রতিহত করা কঠিন ড্রোন ব্যবহার করে ইউক্রেনের ওপর বিমান হামলা জোরদার করেছে। একই সময়ে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে প্রয়োজনীয় প্রতিরোধী অস্ত্রের ঘাটতিতে রয়েছে ইউক্রেন।