শ্রীপুরে দুই সন্তানের সামনে ধর্ষণের অভিযোগ

গাজীপুরের শ্রীপুরে সহায়তার কথা বলে ডেকে নিয়ে এক নারী ভিক্ষুককে ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই নারী দাবি করেছেন, দুই শিশুসন্তানের সামনে তাকে ধর্ষণ করা হয়। পরে ঘটনার বিচার না পেয়ে দুই সন্তানকে নিয়ে বাসের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। এ সময় তার পাঁচ বছর বয়সী ছেলে আহত হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার মাওনা ফ্লাইওভারের নিচে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন ওই নারী। পরদিন বৃহস্পতিবার দুপুরে মাওনা চৌরাস্তা এলাকায় তিনি দুই সন্তানকে নিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

অভিযুক্ত ব্যক্তির নাম সোহরাব হোসেন (৩৫)। তিনি নেত্রকোনার বাসিন্দা এবং মাওনা এলাকায় দীর্ঘদিন ধরে পানের ব্যবসা করেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

ওই নারী জানান, স্বামী কয়েক বছর আগে তাকে ও দুই সন্তানকে ছেড়ে চলে গেছেন। পাঁচ ও তিন বছর বয়সী দুই ছেলেকে নিয়ে তিনি ভিক্ষা করে জীবিকা নির্বাহ করেন। ভাড়া দিতে না পারায় বাড়ির মালিক তাকে বাসা থেকে বের করে দেন। এরপর দুই সন্তানকে নিয়ে মাওনা ফ্লাইওভারের নিচে অবস্থান করছিলেন তিনি।

তার ভাষ্য, মঙ্গলবার রাতে সেখানে বসে থাকার সময় সোহরাব তাকে সহায়তা করার কথা বলে অন্ধকারে ডেকে নেন। পরে দুই সন্তানের সামনে জোর করে ধর্ষণ করেন। এ ঘটনায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং বিচার চেয়ে বিভিন্নজনের কাছে যান।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে ওই নারী দুই সন্তানকে নিয়ে একটি বাসের নিচে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেন। এ সময় তার বড় ছেলে আহত হয়। পরে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে শিশুটিকে হাসপাতালে পাঠান। একই সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে শ্রীপুর মডেল থানা পুলিশ ওই নারীকে হেফাজতে নেয়। তবে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত সোহরাব হোসেনকে পাওয়া যায়নি। স্থানীয় কয়েকজন জানান, তারা তাকে চেনেন না বা তার বিষয়ে বিস্তারিত জানেন না।

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, খবর পেয়ে ওই নারীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তার কাছ থেকে বিস্তারিত তথ্য জেনে অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।