রাস্তার পাশে পলিথিনে ফুটফুটে নবজাতক ৯৯৯-এ ফোনে উদ্ধার

রাজধানীর শাহআলী এলাকায় রাস্তার পাশে পলিথিন ব্যাগের ভেতর থেকে চার-পাঁচদিন বয়সী এক কন্যাশিশুকে জীবিত উদ্ধার করেছে পুলিশ। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে এক ব্যক্তির ফোনকলের পর ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়। গত বুধবার সন্ধ্যায় শাহআলী থানাধীন ব্লক ডি-এর ৮ নম্বর সড়কের পাশের একটি খালি জায়গায় কালো পলিথিনের ব্যাগের ভেতর নবজাতক শিশুটিকে পড়ে থাকতে দেখেন এক ব্যক্তি। এ সময় শিশুটি কান্নাকাটি করছিল। পরে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানান এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন। গতকাল বৃহস্পতিবার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, উদ্ধারের পর শিশুটিকে প্রথমে শিশু হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শিশুটির অবস্থা সংকটাপন্ন হওয়ায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।