মাকে কুপিয়ে হত্যার দায়ে ছেলে আটক

রাজশাহীর মোহনপুরে মাকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে আমিনুল ইসলাম (৩২) নামের এক যুবকের বিরুদ্ধে। এ সময় এগিয়ে গেলে তার বাবা মুজিব সরদারকেও হাঁসুয়া দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন তিনি। গত বুধবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার মৌগাছি ইউনিয়নের সরদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আমিনুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত নারীর নাম জান্নাতুন বেগম (৫৫)। গুরুতর আহত মুজিব সরদারকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত ১২টার পর মায়ের সঙ্গে বাগবিতন্ডায় জড়ায় আমিনুল। একপর্যায়ে আমিনুল হাঁসুয়া নিয়ে তার মা জান্নাতুন বেগমের ওপর হামলা চালান। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। স্ত্রীকে রক্ষায় এগিয়ে গেলে মুজিব সরদারকেও হাঁসুয়া দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন আমিনুল। পরে স্থানীয়দের সহযোগিতায় আমিনুল ইসলামকে আটক করে মোহনপুর থানা-পুলিশ।

রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন বলেন, ঘটনার পরপরই অভিযান চালিয়ে আমিনুল ইসলামকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। এই হত্যাকান্ডের কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।