প্রধান শিক্ষককে সপরিবারে পুড়িয়ে মারার হুমকি

পিরোজপুরের নাজিরপুরে এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ফোন করে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। টাকা না দিলে তাকে ও তার পরিবারের সদস্যদের পুড়িয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষক গত বুধবার থানায় জিডি করেছেন। গতকাল বৃহস্পতিবার সকালে জিডির বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরপুর থানার ওসি তরিকুল ইসলাম।

ভুক্তভোগী কিশোর কুমার হালদার (৫৪) উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের বেবুনিয়া গ্রামের নিরোদ বিহারী হালদারের ছেলে। তিনি শাঁখারীকাঠী ইউনিয়নের ৯৫ নম্বর বুড়িখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত।

জানা গেছে, গত মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে একটি মোবাইল নম্বর থেকে শিক্ষকের ফোনে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। এ সময় দুদিনের মধ্যে টাকা পরিশোধ না করলে সপরিবারে পুড়িয়ে মারা হবে বলে হুমকি দেওয়া হয়।

ভুক্তভোগী প্রধান শিক্ষক কিশোর কুমার হালদার বলেন, ‘আমাকে ফোন করে বলা হয়, আমরা পুড়িয়ে মারার জন্য নাজিরপুর থেকে তোমাকে ও তোমার পরিবারকে সিলেক্ট করেছি। এ থেকে রক্ষা পেতে শুক্রবারের মধ্যে ২০ লাখ টাকা দিতে হবে। না দিলে সপরিবারে পুড়িয়ে মারা হবে।’ হুমকির পর তিনি চতুর্থ শ্রেণিতে পড়–য়া একমাত্র কন্যা সুপ্তি হালদার মিকিকে (৯) নিয়ে রাতে অন্যের বাড়িতে আশ্রয় নেন। তিনি আরও জানান, গত বছর তার চাচাতো ভাই সঞ্জীব হালদারকে হত্যা করে রাস্তায় ফেলে রাখা হয়েছিল।

নাজিরপুর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, ‘বিদেশি বা ইন্টারনেটের একটি নম্বর থেকে ফোন করে প্রধান শিক্ষককে ভয় দেখানো হয়েছে। তিনি থানায় জিডি করেছেন। বিষয়টি তদন্তাধীন রয়েছে।’