গোপালগঞ্জে প্রতিপক্ষের হামলায় জোবায়ের ভূঁইয়া (২২) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত জোবায়ের গোপালগঞ্জ সদর উপজেলার ঘোড়াদাইড় গ্রামের রমজান ভূঁইয়ার ছেলে। তিনি হাজি লালমিয়া সিটি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে পুখুরিয়া এলাকা থেকে টিউশনি করে বাড়ি ফিরছিলেন জোবায়ের। পথে পুখুরিয়া এলাকায় একদল যুবক লাঠিসোঁটা নিয়ে তার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের চাচা হামিম ভূঁইয়া জানান, সকালে কথা কাটাকাটির জের ধরে ওই গ্রামের শহীদ মোল্লার ছেলে সোহেলের নেতৃত্বে সাত-আট জনের একটি দল জোবায়েরের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। হামলায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর তার মৃত্যু হয়।
গোপালগঞ্জ সদর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, হামলার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।