আ.লীগ ও তরিকতের প্রায় ২ হাজার নেতাকর্মী বিএনপিতে যোগদান 

কুমিল্লার বরুড়ায় বাংলাদেশ তরিকত ফেডারেশনের প্রায় ৭০০ কর্মীসহ আওয়ামী লীগের প্রায় ১ হাজারের উপর নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন বলে দাবি করেছেন আয়োজকেরা। 

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে নতুন যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করে নেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী এবং কুমিল্লা-৮ (বরুড়া) আসনের সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন। 

তরিকত ফেডারেশনের কুমিল্লা জেলা শাখার সদস্যসচিব ও বরুড়া উপজেলা বাজুসের সভাপতি মো. আবুল কালাম আজাদের নেতৃত্বে প্রায় ৭০০ কর্মী এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আওয়ামীলীগ নেতা গালিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাচ্চু মিয়া, আগানগর ইউনিয়ন পরিষদের  ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাকির, শিলমুড়ি দক্ষিণ ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিখিল দাসসহ ১ হাজারের উপর আওয়ামী লীগ নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন। 

জাকারিয়া তাহের সুমন নতুন যোগদানকারীদের স্বাগত জানিয়ে বলেন, ভালো মনের মানুষদের দলে যুক্ত করতে চান তিনি। একই সঙ্গে এমন কোনো কাজ না করার আহ্বান জানান, যাতে দলের বা তার সম্মান ক্ষুণ্ন  হয়। অনুষ্ঠানে বরুড়া উপজেলা ও পৌর বিএনপিসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।