মাধবপুরে গাঁজা বহনের দায়ে ৩ মাদক কারবারি গ্রেপ্তার

হবিগঞ্জের মাধবপুরে ৫০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের পুরাতন ঢাকা-সিলেট মহাসড়কের সুরমা চা-বাগানের চায়ের কুঁড়ি চত্বরের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—বাহুবল উপজেলার রশিদপুর গ্রামের মৃত পাকলু কলের ছেলে রাজু কল (৩২), মৃত লক্ষণ কর্মকারের ছেলে লিটন কর্মকার (৩৫) ও মৃত মন্টু তাঁতির ছেলে হৃদয় তাঁতি (২৫)।

এসআরবি-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে তেলিয়াপাড়া বাজার এলাকায় অবস্থান করছিলেন অভিযানে অংশ নেওয়া সদস্যরা। রাত আনুমানিক ১০টার দিকে তারা জানতে পারেন, শাহজাহানপুর ইউনিয়নের পুরাতন ঢাকা-সিলেট মহাসড়কের সুরমা চা-বাগানের চায়ের কুঁড়ি চত্বরের সামনে কয়েকজন মাদক কারবারি গাঁজা কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছেন।

পরে রাত আনুমানিক ১০টা ২৫ মিনিটে সেখানে অভিযান চালানো হলে এসআরবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে তিন ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় তাদের আটক করা হয়।

এসআরবি জানায়, জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা তাদের কাছে গাঁজা থাকার কথা স্বীকার করেন। পরে তাদের হেফাজতে থাকা তিনটি পাটের বস্তা ও একটি প্লাস্টিকের বস্তা তল্লাশি করে নীল পলিথিনে খাকি রঙের স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা জানান, তারা পরস্পর যোগসাজশে হবিগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন।

এসআরবি-৯ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাদের ও জব্দ করা আলামত মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এসআরবি-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।