হালান্ডের জোড়ায় ২৮ বছর পর ডেনমার্ককে হারালো নরওয়ে

আর্লিং হাল্যান্ডের দুর্দান্ত জোড়া গোলে স্ক্যান্ডিনেভিয়ান প্রতিদ্বন্দ্বী ডেনমার্ককে ৩-২ ব্যবধানে হারিয়ে উয়েফা নেশনস লিগে জয় দিয়ে শুভসূচনা করেছে নরওয়ে। এই জয়ের মাধ্যমে কোনো প্রতিযোগিতামূলক ফুটবলে দীর্ঘ ২৮ বছর পর ডেনমার্কের বিরুদ্ধে প্রথম জয়ের মুখ দেখল তারা। একই সাথে প্রথম খেলোয়াড় হিসেবে নেশনস লিগে ২০ গোলের অনন্য মাইলফলক স্পর্শ করলেন হাল্যান্ড।

অসলোর মাঠে ম্যাচের ১৪ মিনিটেই মার্টিন ওডেগার্ডের পাস থেকে অস্কার বব লক্ষ্যভেদ করে নরওয়েকে এগিয়ে নেন। এর ঠিক চার মিনিট পর, ১৮ মিনিটে অ্যান্টোনিও নুসার থ্রু পাস ধরে ডেনিশ গোলরক্ষক ফিলিপ জর্গেনসেনের পায়ের ফাঁক দিয়ে বল জালে জড়িয়ে ব্যবধান ২-০ করেন আর্লিং হাল্যান্ড।

তবে পিছিয়ে পড়ে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় ডেনমার্ক। ফ্রি-কিক থেকে চমৎকার এক গোলে ডেনিশদের লড়াইয়ে ফেরান মিকেল ডামসগার্ড। এরপর ম্যাচের ৬০ মিনিটের মাথায় ডোরগুর কর্নার থেকে হিউলমান্ডের হেড গোলরক্ষক ওরিয়ান নিল্যান্ড আটকে দিলেও ফিরতি বলে গোল করে ডেনমার্ককে ২-২ সমতায় ফেরান ম্যানচেস্টার ইউনাইটেড তারকা রাসমুস হজলুন্ড।

সমতায় ফেরার পর ডেনমার্ক বেশ কিছু আক্রমণ করলেও ম্যাচের ৭৪ মিনিটে আবারও আলো কেড়ে নেন হাল্যান্ড। ওডেগার্ডের বাড়ানো পাসে নিখুঁত ফিনিশিংয়ে নরওয়েকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন এই সিটি ফরোয়ার্ড। জাতীয় দলে ৫৬ ম্যাচে হালান্ডের গোল দাড়ালো ৬৪।

 

ম্যাচের যোগ করা সময়ে (৯৪ মিনিটে) দ্বিতীয় হলুদ কার্ড দেখে ডেভিড উলফ মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় নরওয়ে। তবে শেষ পর্যন্ত জয়ের হাসি নিয়েই মাঠ ছাড়ে স্টাল সোলবাকেনের দল। এই জয়ের ফলে ঘরের মাঠ ওসলোতে নরওয়ের অপরাজিত থাকার রেকর্ড দাঁড়াল টানা ১৪ ম্যাচে।