নতুন সিনেমার পোস্টারে ভিনটেজ লুকে আলিয়া

টানা কয়েক বছর ধরে বলিউডে অভিনেত্রীদের মধ্যে নির্মাতাদের আগ্রহের শীর্ষে থাকা আলিয়া ভাটের নতুন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’ মুক্তি পাচ্ছে ২০২৭ সালের ২১ জানুয়ারি। তবে ছবিটি ঘিরে দীর্ঘদিন ধরেই আলোচনা তুঙ্গে। সঞ্জয় লীলা বানসালির বহুল প্রতীক্ষিত  এই সিনেমার পোস্টার প্রকাশ করা হয়েছে বেশ কিছুদিন আগেই। 

এবার প্রকাশ করা হলো আলিয়া ভাটের প্রথম পোস্টার। সেখানে লাল রঙের সিকুইন পোশাকে দেখা যাচ্ছে আলিয়াকে। চুলে রয়েছে পালকের বিশেষ সাজ। তার এই ভিনটেজ লুক প্রকাশ্যে আসার পর থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ আরো বেড়েছে। সিনেমাটির নির্মাতারা পোস্টার প্রকাশ করে লিখেছেন, ‘আগুনও, হৃদয়ের প্রাণও!’ 

‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমাটি পরিচালনা করছেন সঞ্জয় লীলা বানসালি। এতে প্রধান চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর, আলিয়া ভাট ও ভিকি কৌশল। সিনেমাটির শুটিং ইতিমধ্যে শেষ হয়েছে। এখন পোস্ট-প্রোডাকশনের কাজ নিয়ে ব্যস্ত নির্মাতা ও তার দল। 

সিনেমাটিতে রণবীর কাপুর ও ভিকি কৌশলকে দুই সেনা কর্মকর্তার চরিত্রে দেখা যাবে। তাদের ঘিরেই তৈরি হয়েছে গল্পের মূল দ্বন্দ্ব। আলিয়ার চরিত্রকে কেন্দ্র করে দুই কর্মকর্তার মধ্যে একটি প্রেমের ত্রিভুজও তৈরি হবে বলে জানা গেছে। শুটিং চলাকালে ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল। এর মধ্যে রণবীর ও ভিকি কৌশলের বিমানবাহিনীর পোশাকে একটি ছবি বেশ আলোচনায় আসে। সিনেমাটি বানসালির ক্যারিয়ারের অন্যতম বড় বাজেটের ছবি হতে যাচ্ছে বলেও জানা গেছে।