কাজাখস্তানে নৌ-দুর্ঘটনায় নিহত ১৪ সেনা

কাজাখস্তানে নৌবাহিনীর প্রশিক্ষণ মহড়ার সময় ক্যাস্পিয়ান সাগরে পড়ে ১৪ সেনাসদস্যের মৃত্যু হয়েছে। সাম্প্রতিক বছরগুলোর দেশটির অন্যতম ভয়াবহ সামরিক দুর্ঘটনার পর শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জাতীয় শোক ঘোষণা করা হয়েছে।

গত ২৪ সেপ্টেম্বর কাজাখস্তানের মাঙ্গিস্তাউ অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে। প্রশিক্ষণ মহড়ার অংশ হিসেবে সামরিক জাহাজ 'কাইসার' থেকে পানিতে নামার সময় প্রবল বাতাস ও হঠাৎ আবহাওয়ার অবনতিতে ১৪ সেনাসদস্য সাগরের দিকে ভেসে যান। তাদের মধ্যে তিনজনকে জীবিত উদ্ধার করা হলেও বাকিরা মারা যান। নিহতদের বয়স ছিল ১৮ থেকে ২০ বছরের মধ্যে। 

কাজাখ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, জাহাজটি প্রায় এক মিটার গভীর পানিতে অবস্থান করছিল। এ সময় আবহাওয়ার দ্রুত অবনতি ও প্রবল বাতাসের কারণে সেনাসদস্যরা নিয়ন্ত্রণ হারিয়ে খোলা সাগরের দিকে ভেসে যান।

দেশটির প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট তোকায়েভ ২৫ সেপ্টেম্বর জাতীয় শোক দিবস ঘোষণা করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে দুর্ঘটনার কারণ ও পরিস্থিতি তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।

ঘটনার পর পাঁচ প্রতিরক্ষা কর্মকর্তাকে আটক করা হয়েছে। তাদের মধ্যে নৌবাহিনীর প্রথম উপ-প্রধানও রয়েছেন। শুক্রবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দায়িত্বে অবহেলা এবং নৌযান পরিচালনার নিয়ম লঙ্ঘনের সন্দেহে তাদের আটক করা হয়েছে।

তদন্তকারীরা আটক কর্মকর্তাদের নেওয়া সিদ্ধান্ত, নিরাপত্তাবিধি মেনে চলা, আবহাওয়ার পরিস্থিতি যথাযথভাবে বিবেচনা করা হয়েছিল কি না এবং সংশ্লিষ্ট নৌযানের কারিগরি অবস্থাও খতিয়ে দেখছেন।

অ্যাটর্নি জেনারেল কার্যালয় জানিয়েছে, তদন্তকারীরা দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন, ৩০ জনের বেশি সামরিক সদস্যকে জিজ্ঞাসাবাদ করেছেন এবং বিভিন্ন নথি ও ভিডিও ফুটেজ জব্দ করেছেন।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, আবহাওয়ার পরিস্থিতির অবনতি সত্ত্বেও সেনাসদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেননি সংশ্লিষ্ট কর্মকর্তারা। উপ-প্রধানমন্ত্রী কানাত বোজুমবায়েভের নেতৃত্বে একটি সরকারি কমিশন ঘটনাস্থলে তদন্ত কার্যক্রম পরিচালনা করছে।