মধু পূর্ণিমা উপলক্ষে হাটহাজারীর বিহারগুলোতে ব্যাপক প্রস্তুতি

চট্টগ্রামের হাটহাজারীতে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম পবিত্র ধর্মীয় উৎসব শুভ মধু পূর্ণিমা আগামীকাল শনিবার (২৬ সেপ্টেম্বর) উদযাপিত হবে। এ উপলক্ষে উপজেলার বৌদ্ধ জনগোষ্ঠী অধ্যুষিত আটটি এলাকায় ১৩টি বৌদ্ধ বিহার ও মন্দিরে দিনব্যাপী নানা ধর্মীয় কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

বৌদ্ধ ধর্মীয় ঐতিহ্য অনুযায়ী, মহাকারুণিক গৌতম বুদ্ধের জীবদ্দশায় বৌদ্ধ ভিক্ষুদের মধ্যে একটি ঘটনাকে কেন্দ্র করে বিভেদ সৃষ্টি হলে তিনি দুঃখিত হয়ে পারিলেয় নামের একটি বনে চলে যান। সেখানে তিনি সাধনায় রত অবস্থায় ছিলেন। বুদ্ধের এ অবস্থায় তির্যক প্রাণী বানর তাঁকে মধু দান করে আপ্যায়ন করে। একই সময়ে হস্তিরাজও বুদ্ধের সেবা করেন। বুদ্ধকে বানরের মধু দানের এ স্মৃতিকে কেন্দ্র করেই মধু পূর্ণিমার প্রবর্তন হয়েছে বলে বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে প্রচলিত রয়েছে।

মধু পূর্ণিমা উপলক্ষে হাটহাজারীর বিভিন্ন বৌদ্ধ বিহারে ভোরে পবিত্র ত্রিপিটকের মঙ্গলবাণী পাঠ, সমবেত বুদ্ধবন্দনা, জাতীয়, ধর্মীয় ও নিজ নিজ সংগঠনের পতাকা উত্তোলন, বুদ্ধপূজা, পঞ্চশীল ও উপোসথ শীল গ্রহণ, ভিক্ষু সংঘের পিণ্ডদান এবং উপোসথ শীলধারীদের মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে।

এছাড়া মধু পূর্ণিমার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, আলোকসজ্জা, বুদ্ধকীর্তন, সন্ধ্যাকালীন প্রদীপ পূজা এবং দেশের শান্তি-সমৃদ্ধি ও জীবজগতের মঙ্গল কামনায় সমবেত প্রার্থনাসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হবে।

হাটহাজারী বৌদ্ধ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক লায়ন অনুপম বড়ুয়া গণমাধ্যমকে জানান, উপজেলার পশ্চিম ধলই উদালিয়া শান্তি নিকেতন বৌদ্ধ বিহার, মির্জাপুর শান্তিধাম বিহার, মির্জাপুর গৌতমাশ্রম বিহার, বালুখালী জগৎজ্যোতি বৌদ্ধ বিহার, গুমানমর্দ্দন ধর্মচক্র বিহার, আরিয়া ওয়াংচা আন্তর্জাতিক বিদর্শন ভাবনা কেন্দ্র, গুমানমর্দ্দন সার্বজনীন নালন্দা বিহার, গুমানমর্দ্দন শান্তি বিহার, রুদ্রপুর ধর্মরত্ন বিহার, মীরেরখীল চন্দ্রপুর বেনুবন বিহার, জোবরা সুগত বিহার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সংলগ্ন বিশ্ব শান্তি প্যাগোডা এবং মধ্যম মার্দাশা সার্বজনীন শান্তি নিকেতন বৌদ্ধ বিহারে শুভ মধু পূর্ণিমা উপলক্ষে পৃথক পৃথক দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এদিকে মধু পূর্ণিমার পরদিন রবিবার (২৭ সেপ্টেম্বর) মির্জাপুর গৌতমাশ্রম বিহারের আজীবন অধ্যক্ষ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের অবৈতনিক শিক্ষক, বৌদ্ধদের পবিত্র ধর্মগ্রন্থ ত্রিপিটক বাংলায় অনুবাদের প্রথম উদ্যোক্তা ও মুক্তিযুদ্ধের সংগঠক পণ্ডিত শান্তপদ মহাথেরের ৩৬তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে সংঘদান ও অষ্টপরিষ্কার দানানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে মহান ভিক্ষু সংঘসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিত থাকার কথা রয়েছে।