সরাইলে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার পুলিশ উপজেলার অরুয়াইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়াকে (৪৮) গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়।

এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে সরাইল-অরুয়াইল সড়কের উপজেলা সদরের বেপারিপাড়া এলাকা থেকে সরাইল থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। 

মোশাররফ হোসেন ভূঁইয়া অরুয়াইল ইউনিয়নের বাদে অরুয়াইল গ্রামের বাসিন্দা। তিনি অরুয়াইল ইউনিয়ন পরিষদের টানা দুইবারের চেয়ারম্যান।

পুলিশ জানায়, অরুয়াইল ইউনিয়নের ধামাউড়া গ্রামের বাচ্চু মিয়া (৫০) নামের এক ব্যক্তি গত ২২ সেপ্টেম্বর সরাাইল থানায় মোশাররফ হোসেন ভূঁইয়াসহ পাঁচ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলায় বাদীর বোানকে মারধর করে এবং দা দিয়ে কুপিয়ে একটি আঙ্গুল প্রায় বিচ্ছিন্ন করার অভিযোগ করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাচ্চু মিয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অরুয়াইল ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। এছাড়া বাচ্চু মিয়ার বিরুদ্ধে ভূমি দখল ও নারী নির্যাতনের অভিযোগেও একাধিক মামলা রয়েছে।

অরুয়াইল ইউনিয়ন শাখা যুবদলের সাবেক সভাপতি আক্কাছ মিয়া বলেন, এলাকার ভুমিদস্যু হিসেবে পরিচিত বাচ্চু মিয়ার সঙ্গে নানা বিষয় নিয়ে অরুয়াইল ইউপি চেয়ারম্যানের বিরোধ আছে। বাচ্চু মিয়াসহ একটি চক্র ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনকে ঘিরে এসব করছে।

সরাইল থানা হাজতে আটক মোশাররফ হোসেন ভূঁইয়া শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে সাংবাদিকদের বলেন, আসন্ন নির্বাচনের আগে আমাকে ঘায়েল করার জন্য একটি পক্ষ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে মিথ্যা মামলা দায়ের করেছে। আমাকে আটকের পর আমি জেনেছি একটি ঘটনা সাজিয়ে অরুয়াইলের মামলাবাজ ও একাধিক হত্যা মামলার আসামি বাচ্চু মিয়া বাদী হয়ে এ মামলা দিয়েছে। আমি এ ঘটনার কিছুই জানি না। আমি ন্যায় বিচার চাই।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া বলেন, মারামারির ঘটনায় দায়ের করা একটি মামলায় ইউপি চেয়ারম্যানকে বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়েছে। তাকে আজ শুক্রবার দুপুরে আদালতের  মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলাটির তদন্ত চলছে।