আবারও শোকের ছায়া টলিউডে। এবার মা হারালেন সংগীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তার মা। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। মায়ের সঙ্গে ইন্দ্রদীপের সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ। কাজের ব্যস্ততার মাঝেও পরিবারের সঙ্গে তার যোগাযোগ বরাবরই ছিল নিবিড়। মায়ের চলে যাওয়া স্বাভাবিক ভাবেই তাকে গভীর ভাবে শোকাহত করেছে। আজই তার মায়ের শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা।
বাংলা ছবির জগতে সংগীত পরিচালক হিসাবে দীর্ঘদিনের পরিচিতি ইন্দ্রদীপের। গান তৈরির পাশাপাশি আবহসংগীতেও তার কাজ আলাদা করে নজর কেড়েছে। ‘বাইশে শ্রাবণ’, ‘চতুষ্কোণ’, ‘এক যে ছিল রাজা’সহ একাধিক ছবির সঙ্গে তার কাজ জড়িয়ে। পরে পরিচালকের আসনেও বসেন তিনি। তার পরিচালিত ‘কেদারা’ পুরস্কৃত হয়েছিল। সংগীতের পাশাপাশি ছবি তৈরি, আবহ নির্মাণ— বহু ক্ষেত্রেই নিজের ছাপ রেখেছেন ইন্দ্রদীপ। এমনই একসময় ব্যক্তিগত জীবনে এল বড় শূন্যতা। পুজোর আগে এমন ঘটনায় খুবই মনভার সংগীত পরিচালকের।