এবারও সেমিফাইনালেই থামলেন ইমরানুর

টাইমিংয়ে কিছুটা উন্নতি আনলেও এশিয়ান গেমসের ১০০ মিটার স্প্রিন্টের পদকের লড়াইয়ে টিকে থাকতে পারলেন না বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। সেমিফাইনালের কঠিন লড়াইয়ে ১ নম্বর হিটে আটজনের মধ্যে সপ্তম হয়ে বাদ পড়লেন দেশের এই শীর্ষ স্প্রিন্টার।

জাপানের নাগোয়া সিটি মিজুহো পার্ক অ্যাথলেটিক স্টেডিয়ামে আজ শুক্রবার পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে অংশ নেন ইমরানুর। ১ নম্বর হিটে ৮ নম্বর লেনে দৌড়ে ১০.৪৪ সেকেন্ড সময় নেন ইংল্যান্ড প্রবাসী এই অ্যাথলেট, যা তাঁর নিজের হিটে আট প্রতিযোগীর মধ্যে ছিল সপ্তম এবং সব মিলিয়ে ২৪ জনের মধ্যে ২১তম। 

এর আগে হিট পর্বে ১০.৪৯ সেকেন্ড সময় নিয়ে সেমিফাইনালে নাম লিখিয়েছিলেন তিনি। ২০২৩ সালের হাংঝু এশিয়ান গেমসে ১০.৪২ সেকেন্ডে দৌড় শেষ করার সেই টাইমিং জাপানে এসে খুব একটা বদলাতে পারেননি তিনি, ফলে গতবারের মতো এবারও সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হলো তাকে।

সেমিফাইনাল থেকে ছিটকে পড়ার পর নিজের অফিশিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যমে হতাশা প্রকাশ করে ইমরানুর লিখেছেন, ‘আপনাদের মতোই আমিও এশিয়ান গেমসের পারফরম্যান্স নিয়ে হতাশ। সেমিফাইনালেই ছিটকে গেলাম... যথেষ্ট মানসম্মত পারফরম্যান্স দেখাতে পারিনি বা আমার সেরা ফর্মের ধারেকাছেও যেতে পারিনি। মাঝে মাঝে পরিস্থিতি এমনটাই হয়। এখন কেবল এখান থেকে কীভাবে ঘুরে দাঁড়ানো যায়, সেটাই বের করতে হবে। আপনাদের সমর্থন কখনোই অদেখা থাকে না।’ 

এদিকে ইমরানুরের বিদায়ের দিনে এই ইভেন্টে ইমরানুরের হিটেই গেমসের রেকর্ড গড়েছেন থাইল্যান্ডের পুরিপোল বুনসন। সেমিফাইনালে মাত্র ৯.৯১ সেকেন্ড সময় নিয়ে তাক লাগিয়ে নতুন এশিয়ান গেমসের রেকর্ড গড়েছেন তিনি। ২০১৮ সালের জাকার্তা গেমসে চীনের সু বিংতিয়ানের গড়া ৯.৯২ সেকেন্ডের আগের রেকর্ডটি ভেঙে দেন এই থাই স্প্রিন্টার।