প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী ১ অক্টোবর ফেনী জেলা সফর উপলক্ষে পরশুরাম ও ফুলগাজীর বিভিন্ন ভেন্যুর প্রস্তুতিমূলক কার্যক্রম ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) তিনি ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে সঙ্গে নিয়ে সফরসূচিভুক্ত বিভিন্ন স্থান পরিদর্শন করেন।
পরিদর্শনের অংশ হিসেবে পরশুরামের মুহুরি নদী স্টিল ব্রিজসংলগ্ন জনসভাস্থল, পরশুরাম পাইলট উচ্চ বিদ্যালয়ের অস্থায়ী হেলিপ্যাড মাঠ, ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ, বেগম খালেদা জিয়া মহিলা কলেজ মাঠ এবং ফুলগাজী ডাকবাংলো পরিদর্শন করেন ডিআইজি।
এ সময় প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সংশ্লিষ্ট ভেন্যুগুলোর সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা পরিকল্পনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন তিনি। সফর নির্বিঘ্ন করতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার ও সমন্বিত করার বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
পরিদর্শনকালে উপজেলা প্রশাসন, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।