নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ

অস্কারজয়ী অভিনেত্রীসহ গ্রেপ্তার অন্তত ১০০

জাতিসংঘ সাধারণ পরিষদে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের প্রতিবাদে নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের বাইরে আয়োজিত এক বিক্ষোভ থেকে অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী সুসান সারানডন এবং এমি পুরস্কারজয়ী অভিনেত্রী হান্না আইনবাইন্ডারসহ অন্তত ১০০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফিলিস্তিনপন্থি ইহুদি অধিকার সংগঠন ‘জুইশ ভয়েস ফর পিস’-এর আহ্বানে বৃহস্পতিবার এই কর্মসূচিতে সাংস্কৃতিক কর্মী, রাজনীতিক ও প্রগতিশীল আন্দোলনকারীরা অংশ নেন।  গ্রেপ্তারদের মধ্যে ডেমোক্রেটিক পার্টির কংগ্রেস প্রার্থী দারিয়ালিজা আভিলা শেভালিয়ের এবং নিউ ইয়র্ক সিটি কাউন্সিলের সদস্য চি ওসেও রয়েছেন।

জাতিসংঘের বাইরের এই বিক্ষোভ ছাড়াও এদিন নিউ ইয়র্কের বিভিন্ন স্থানে শত শত মানুষ গাজায় ইসরায়েলি সামরিক অভিযান এবং তাতে যুক্তরাষ্ট্রের সমর্থনের প্রতিবাদে রাজপথে নামেন। পুলিশের তথ্যের বরাতে দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার মিডটাউন ম্যানহাটন এলাকায় নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ থেকে প্রায় ১০০ জনকে গ্রেপ্তার করা হয়।

সংবাদ মাধ্যম জানায়, জাতিসংঘ সদর দপ্তরের আশপাশের সড়কে এদিন সাদা টি-শার্ট পরা প্রায় ২০০ বিক্ষোভকারী জড়ো হন। তারা গাজায় ৭২ হাজারের বেশি মানুষকে হত্যার জন্য নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী হিসেবে আখ্যা দেয়। বিক্ষোভকারীদের টি শার্টে লেখা ছিল ‘বোমা নয়, মানুষের পেছনে অর্থ ঢালুন’, ‘যুদ্ধ নয়’ এবং ‘ফিলিস্তিনের মুক্তি চাই’এমন নানা প্রতিবাদী সেøাগান।

বিক্ষোভের কারণে জাতিসংঘ কমপ্লেক্সের আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলে লাউডস্পিকারে তাদের সরে যাওয়ার নির্দেশ দেয় পুলিশ। কিছু বিক্ষোভকারী ফুটপাতে সরে গেলেও একটি বড় অংশ রাস্তায় বসে নেতানিয়াহুবিরোধী সেøাগান দেওয়া অব্যাহত রাখেন। এরপর পুলিশ একে একে বিক্ষোভকারীদের হাত পেছনে বেঁধে পুলিশের বাসে তুলে নিয়ে যায়।

বিক্ষোভে অংশ নেওয়া বিশ^বিদ্যালয়ের অধ্যাপক মানিজে মোরাদিয়ান বলেন, গাজায় যা করা হচ্ছে, তাতে একটি পুরো সমাজকে নিশ্চিহ্ন করে দেওয়া হচ্ছে। এটা আমাদের নামে এবং আমাদের করের অর্থে করা হচ্ছে। এর বিরুদ্ধে কথা বলা আমাদের দায়িত্ব। এসব নৃশংসতার সাফাই গাওয়ার জন্য জাতিসংঘের মঞ্চ ব্যবহার করার কোনো অধিকার নেতানিয়াহুর নেই।’

‘ডেড ম্যান ওয়াকিং’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য অস্কার জেতা সুসান সারানডন এর আগেও একাধিক ফিলিস্তিনপন্থি বিক্ষোভে অংশ নিয়েছেন। জনপ্রিয় কমেডি সিরিজ ‘হ্যাক্স’-এর জন্য পরিচিত অভিনেত্রী হান্না আইনবাইন্ডারও গাজায় ইসরায়েলি আগ্রাসনের সোচ্চার সমালোচক।

নেতানিয়াহুর নিউ ইয়র্ক সফর এবং সাধারণ পরিষদের অধিবেশনে তার ভাষণকে কেন্দ্র করে জাতিসংঘের ভেতরে ও বাইরে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। সাধারণ পরিষদে তিনি যখন বক্তব্য দিতে ওঠেন, তখন কয়েক ডজন দেশের কূটনীতিক কক্ষ ত্যাগ করেন। বার্তা সংস্থা এএফপি জানায়, নেতানিয়াহু মঞ্চের দিকে এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কক্ষে উপস্থিত প্রতিনিধিদের একাংশ তার উদ্দেশে দুয়ো দিতে শুরু করেন।