রাজধানী কদমতলী থানাধীন শনির আখড়া এলাকার একটি নির্মাণাধীন ভবনের পঞ্চম তলা থেকে পড়ে জ্যোৎ¯œা বেগম (৩৫) নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।
তাকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী মো. ইউনুস জানান, শনির আখড়ার ৮নং রোডে নির্মাণাধীন একটি ভবনের ময়লা পরিষ্কার করার সময় অসাবধানতাবশত পাঁচতলা থেকে লিফটের ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গতকাল সকালে শ্যামপুর থানাধীন জুরাইন রেলওয়ে ব্রিজের নিচে একটি পরিত্যক্ত পাবলিক টয়লেট থেকে অজ্ঞাতনামা (১৬) এক কিশোরের পচাগলা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শ্যামপুর থানার উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, খবর পেয়ে শুক্রবার সকালে জুরাইন রেলওয়ে ব্রিজের নিচে পাবলিক টয়লেটের ভেতরে পরিত্যক্ত কক্ষ থেকে ওই কিশোরের মরদেহটি দেখতে পাওয়া যায়। মরদেহটি পচেগলে গেছে। তার ডান কপালের হাড়ে ফাটা চিহ্ন রয়েছে। তার পরিচয় পাওয়া সম্ভব হয়নি। পরিচয় জানার চেষ্টা চলছে। আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এদিকে গতকাল বিকেল সাড়ে ৩টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের ওয়েটিং রুমের সামনে থেকে অজ্ঞাতপরিচয় (৬০) এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
ঢামেক পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণেই তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রয়েছে।