ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্টের সামনে থেকে ককটেল সদৃশ্য দুটি বস্তু উদ্ধার করেছে ঝিনাইদহ সদর থানা পুলিশ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে ককটেল দুটি উদ্ধার করা হয়।
স্থানীয় ফল ব্যবসায়ী নিশান হোসেন জানান, প্রতিদিনের মত শনিবার সকালে পুরাতন ডিসি কোর্টের সামনের অস্থায়ী ফলের দোকান খুলতে যাচ্ছিলেন। এ সময় তিনি সেখানে ব্যাগের মধ্যে লাল টেপ দিয়ে মোড়ানো ককটেল সদৃশ্য দুটি বস্তু দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে সেগুলো উদ্ধার করে।
ঝিনাইদহ সদর থানার এস আই সুশান্ত কর্মকার জানান, ককটেল দুটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। নাশকতা সৃষ্টির উদ্দেশ্য কে বা কারা এগুলো রেখে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।