পুলিশ বাহিনীকে ‘ফ্যাসিস্ট’ সরকারের সহযোগীদের কঠোর হস্তে দমনের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) পুলিশ পদক অনুষ্ঠানে তিনি এ নির্দেশ দেন।
বিগত সরকারের সহযোগীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশকে অস্থির করলে কঠোর হস্তে দমন করবেন আপনারা। স্বাধীনভাবে দায়িত্ব পালন করবেন, আইন অনুযায়ী দায়িত্ব পালন করবেন।
এ সময় পুলিশ সদস্যদের সঠিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমি তৃণমূল পর্যায় থেকে আইজিপি পর্যন্ত সবার কাছে একটাই মেসেজ দিতে চাইছি, সমাজের প্রয়োজনে, রাষ্ট্রের প্রয়োজনে, শৃঙ্খলা বজায় রাখার জন্য জনপ্রত্যাশা পূরণের জন্য আমরা কঠোর হতে বাধ্য হব।’
তিনি বলেন, যারা পতিত ফ্যাসিস্ট শক্তি তারা অন্যান্য বাহিনীর মতো পুলিশ বাহিনীকেও অপব্যবহার করেছে, জনগণের বিরুদ্ধে দাঁড় করিয়েছে।
তিনি সতর্ক করে বলেন, ‘ফ্যাসিস্ট শক্তিকে কেউ কেউ গোপন সংবাদ দিয়ে অন্যভাবে সহযোগিতা করছে-এমন সংবাদ, ইনফরমেশন, তথ্য আমাদের কাছে আছে। খুব নম্রভাবে সংশোধন করার সুযোগ দিচ্ছি। কোনো পুলিশ অফিসার যে পদেই থাকুন না কেন, যদি প্রত্যাশা পূরণে ব্যর্থ হন তাহলে তার পরিণতি ভালো হবে না। জনগণ এখন আমাদেরকে রাজা-বাদশা হিসেবে দেখতে চায় না, তারা জনবান্ধব পুলিশ দেখতে চায়।’
পুলিশের দায়িত্বের গুরুত্ব তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব পুলিশের সবচেয়ে বেশি। সততা, ন্যায়নিষ্ঠা, কর্তব্যপরায়ণতা ও দেশপ্রেম নিয়ে কাজ করলে পুলিশই সমাজ পরিবর্তনের নেতৃত্ব দিতে পারে।
তিনি বলেন, ‘২০২৬ সালের ৩১ ডিসেম্বর আসার আগেই আপনাদের পরিবর্তনটা দেখাতে হবে। বর্তমান সরকার পুলিশকে স্বাধীনভাবে ও আইন অনুযায়ী দায়িত্ব পালনের সুযোগ দিচ্ছে। কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না।’ আইন অনুযায়ী দায়িত্ব পালনের জন্য পুলিশকে আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে ৯৮ পুলিশ সদস্যকে পিপিএম ও বিপিএম পুরস্কার পরিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির ও ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।