পেকুয়ায় মুন্সি মিয়া হত্যা মামলার ৩ আসামি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

কক্সবাজারের পেকুয়ায় আলোচিত মুন্সি মিয়া হত্যা মামলার ৩ আসামিকে চট্টগ্রামের চান্দগাঁও থানা এলাকা থেকে আটক করা হয়েছে।  

জানা যায়, উপজেলার টইটং ইউনিয়নের খুইন্যাবিটা এলাকার ইউসুপ আলী প্রকাশ মুন্সিমিয়া হত্যা মামলার পলাতক আসামি একই এলাকার আলী চানের ছেলে নুরুল কাদের, নুরুল কাদেরের মেয়ে ফাহিমা ও স্ত্রী সালমাকে ২৫ সেপ্টেম্বর দিবাগত মধ্য রাতে চট্টগ্রামের চান্দগাও থানা থেকে পেকুয়া থানা পুলিশ র‌্যাবের সহযোগিতায় আটক করে পেকুয়া থানায় নিয়ে আসেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে আটককৃতদের চকরিয়া আদালতে পাঠানো হয়।

উল্লেখ্য গত ৬ সেপ্টেম্বর সন্ধ্যায় টিউবওয়েল থেকে পানি সংগ্রহে বিবাদের জের ধরে নুরুল কাদের গংয়ের হামলায় গুরুতর আহত হয়ে ইউসুফ আলী প্রকাশ মুন্সি মিয়া চট্টগ্রাম মেডিকেল কলেজে মারা যান। এরপর ৯ সেপ্টেম্বর পেকুয়া থানায় মুন্সি মিয়ার স্ত্রী ছেনুয়ারা বেগম বাদী নুরুল কাদেরে ছেলে আকাশ মিয়া, নুরুল কাদের, মেয়ে ফাহিমা ও স্ত্রী সালমা বেগম, মেয়ে জেসমিন আকতার বালিকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

স্থানীয় লোকজন বলেন, তুচ্ছ একটি ঘটনায় নুরুল কাদের ছেলে মেয়ে নিয়ে বয়োবৃদ্ধ ইউসুফ আলীকে দফায় দফায় মারধর করেছে। গুরুতর আহত হলে পেকুয়া হাসপাতালে নিয়ে গেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মৃত্যূর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়ার পর থেকে নুরুল কাদেরসহ পরিবারের সদস্যরা আত্মগোপনে চলে যায়। 

পেকুয়া থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন, ইউসুফ আলী প্রকাশ মুন্সি মিয়া হত্যা মামলার ৫ আসামির মধ্যে ৩ জনকে আটক করা হয়েছে। বাকী দুজনকে আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।