ভারতের ব্যাটিং মহাতারকা বিরাট কোহলি তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক ঘোষণা দিয়েছেন। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপই ভারতের জার্সিতে তাঁর শেষ বিশ্বকাপ হতে চলেছে। আর এই টুর্নামেন্টকে সামনে রেখে তাঁর একমাত্র এবং সর্বপ্রধান লক্ষ্য হলো—যেভাবেই হোক বিশ্বকাপ ট্রফি জয় করা।
কাল থেকে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ওয়ানডে সিরিজ শুরুর আগে কেরালার থিরুঅনন্তপুরমে ‘জিওস্টার’-কে দেওয়া এক সাক্ষাৎকারে কোহলি নিজের মানসিকতা পরিবর্তন, খেলার নতুন ধরন এবং প্রত্যাশার চাপ দূরে সরিয়ে রাখার বিষয়ে খোলামেলা কথা বলেছেন।
দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়ার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে চলা ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ হতে চলেছে কোহলির ক্যারিয়ারের চতুর্থ ওয়ানডে বিশ্বকাপ। এই টুর্নামেন্ট নিয়ে নিজের অনুপ্রেরণার কথা জানিয়ে কোহলি বলেন, 'আমার জন্য এটাই ভারতের হয়ে খেলা শেষ বিশ্বকাপ হতে চলেছে। এটিই আমার সবচেয়ে বড় প্রেরণা। মাঠের সবটুকু উজাড় করে দিতে চাই। আমাদের মূল লক্ষ্য বিশ্বকাপ জেতা, আর এর জন্য যা করা দরকার আমি তার জন্য পুরোপুরি প্রস্তুত।'
২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকে দুর্দান্ত ছন্দে আছেন কোহলি। এই সময়ে খেলা ১২টি ওয়ানডেতে ৭৬ গড়ে তিনি ৭৬০ রান করেছেন, যার মধ্যে রয়েছে ৩টি সেঞ্চুরি ও ৫টি হাফ-সেঞ্চুরি।
বয়স ও অভিজ্ঞতার এই পর্যায়ে এসে কোহলি তাঁর ব্যাটিংয়ে বড় মানসিক পরিবর্তন এনেছেন। দীর্ঘ সময় ধরে দলের ইনিংস সামলানোর দায়িত্ব পালন করলেও, এখন থেকে তিনি আরও স্বাধীন ও ভয়ডরহীন ক্রিকেট খেলতে চান।
'পরিবর্তনটা হলো—প্রথমে আমি নিজেকে কথা দিয়েছি যে আরও মুক্ত মনে খেলব। মানুষ আমার কাছে কী প্রত্যাশা করে, তা নিয়ে আর মাথা ঘামাতে চাই না। দীর্ঘদিন ধরে আমার ভূমিকা ছিল ইনিংসের ভিত শক্ত করা।'
আইপিএলের সাম্প্রতিক আসরগুলোতেও তাঁর এই আক্রমণাত্মক রূপ দেখা গেছে। বিশেষ করে আইপিএল ২০২৬-এ ১৬ ম্যাচে ১৬৫.৮৫ স্ট্রাইক রেটে ৬৭৫ রান করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে শিরোপা জিতাতে বড় অবদান রাখেন তিনি। আধুনিক ওয়ানডে ক্রিকেটে বড় ইনিংস খেলার কথা মাথায় রেখে তিনি এখন দলের প্রয়োজনে বাড়তি ৩০-৪০ রান যোগ করতে ঝুঁকি নিতে প্রস্তুত বলে জানান।
নিজের এই মানসিক মুক্তির পেছনের কারণ ব্যাখ্যা করে কোহলি বলেন, 'মনের ভেতরে এই স্বাধীনতাটুকু আমাকে আনলক করতে হয়েছে। আইপিএলেও এটি আমাকে সাহায্য করেছে। আমি এখন আর এই ভেবে খেলি না যে আউট হলে দল বিপদে পড়বে। আমার চারপাশের সতীর্থদের ওপর আমার পূর্ণ আস্থা আছে, যারা পরিস্থিতি সামলাতে দক্ষ। এই বয়সে এসে নিজের সেরাটা দিতে পারাটা দারুণ রোমাঞ্চকর।'
২০২৭ সালের বিশ্বকাপকে লক্ষ্য রেখে ভারত দল পুনর্গঠন শুরু করেছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই সিরিজে রোহিত শর্মার সঙ্গে কোহলিও দলে রয়েছেন, আর নেতৃত্ব দিচ্ছেন শুভমান গিল। কোহলির এই নতুন ও স্বাধীন মানসিকতা দল কতদূর নিয়ে যায়, এখন সেটাই দেখার বিষয়।