ঈশ্বরদীতে রিভলবার ও ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

পাবনার ঈশ্বরদীতে বসতবাড়িতে অভিযান চালিয়ে একটি রিভলবার ও ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ৪টার দিকে ঈশ্বরদী উপজেলার পাকশী বাজার পাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদী থানা ও পাকশী পুলিশ ফাঁড়ি যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন পাকশী বাবুপাড়া এলাকার নাজমুল ইসলামের ছেলে তানজিরুল ইসলাম (৩০) এবং পাকশী স্কুলপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে সজীব (২৮)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে পাকশী বাজারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে রাত ৪টার দিকে তাদের বসতবাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় তানজিরুল ও সজীবের কাছ থেকে ২০০ পিস করে মোট ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি ২২ বোরের রিভলবার উদ্ধার করা হয়।

ঈশ্বরদী অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ও একটি রিভলবার উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অস্ত্র আইনে মামলা দায়ের করে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়।