আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের নৈরাজ্যের প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের ট্রাংক রোডস্থ প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হয়।

ফেনী সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুলের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মেসবাহ উদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহ্বায়ক গাজী হাবিব উল্লাহ মানিক এবং এয়াকুব নবী ভূঁইয়া। 
সমাবেশে আরও বক্তব্য দেন ফেনী পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, জেলা যুবদলের সদস্য সচিব নঈম উল্লাহ চৌধুরী বরাত, সাবেক সভাপতি জাকির হোসেন জসিম প্রমুখ।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ থাকার পরও আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছেন। দেশকে অস্থিতিশীল করার এসব ষড়যন্ত্র প্রতিহত করতে দলের সব স্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। একইসঙ্গে দেশের শান্তি, স্থিতিশীলতা এবং গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের তাগিদ দেওয়া হয়।

জেলা ও পৌর বিএনপির বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে অনুষ্ঠিত এই সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন স্লোগানের মাধ্যমে আওয়ামী লীগের নৈরাজ্যের তীব্র প্রতিবাদ জানায়।