নদীকে গুরুত্ব দিলে সড়কের যানজট কমবে : মঞ্জুর আহমেদ চৌধুরী

ছোট নদীকে গুরুত্ব দিয়ে নৌপথ তৈরি করতে পারলে সড়কপথের যানজট কমানো সম্ভব বলে মন্তব্য করেছেন জাতীয় নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান মঞ্জুর আহমেদ চৌধুরী। শনিবার আলাপকালে দেশ রূপান্তরকে তিনি এসব কথা বলেন।

মঞ্জুর আহমেদ চৌধুরী বলেন, ঢাকাসহ সারাদেশের নদীগুলো বিপর্যস্ত। ঢাকার চারপাশের নদীতে মাছ লাফালাফি করার কথা ছিল। নদীর ওপর পাখি, চিল ওড়ার কথা ছিল। নদীর পাশে মানুষ প্রশান্তির জন্য যায়, কিন্তু ঢাকার অনেক নদীর পাশ দিয়ে নাক চেপে যেতে হচ্ছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নদী রক্ষার জন্য সরকারের যেসব প্রতিষ্ঠান রয়েছে এবং যেসব সামাজিক ও বেসরকারি শক্তি কাজ করে, তাদের চেয়ে দখলদাররা অনেক বেশি শক্তিশালী। অনেক নদী আছে, যেখানের জায়গা খুব দামি। যেমন চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীর দখল হয়ে গেছে। একই অবস্থা নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর তীরেও।

তিনি আরও বলেন, অনেক নদীর জায়গা অব্যবহৃত থাকে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের রুটের বাইরেও অনেক ছোট ছোট নদী রয়েছে, যেগুলো সরকার গুরুত্ব দেয় না। এসব নৌপথকে কার্যকর করলে সড়ক ও রেলপথের ওপর চাপ কমত।

নদী রক্ষা কমিশনের সাবেক এই চেয়ারম্যান বলেন, ছোট ছোট নদীগুলো নৌকা চলাচলের উপযোগী থাকলে ছোট আকারের নৌযান চালু করা যায়। শুধুমাত্র কচুরিপানার জন্য অনেক নৌপথ বন্ধ হয়ে আছে। এগুলো অপসারণ করে নৌ চলাচলের উপযোগী করলে সড়কপথের যানজট কমবে।

তিনি বলেন, কিন্তু সরকার এই কাজে গুরুত্ব না দিয়ে সড়কের পেছনে সব ঢেলে দেয়। এই জায়গায় গুরুত্ব দিলে সড়কের পেছনে অর্থব্যয়ও কমতে পারে। এতে মানুষের সময় অপচয়ও রোধ হবে।