এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সের ৫ম বার্ষিক সাধারণ সভা 

এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ৫ম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ঢাকায় কোম্পানির প্রধান কার্যালয়ের বোর্ডরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

কোম্পানির চেয়ারম্যান কিবরিয়া গোলাম মো. সভায় সভাপতিত্ব করেন। সভায় কোম্পানির শেয়ারহোল্ডারদের মধ্যে এম. মাহফুজুর রহমান, আফতাব আহমেদ, ফারিয়া মোস্তাফিজ অর্ণিশা (উজিরপুর ফিস পার্ক লিমিটেডের প্রতিনিধি), আরিফ সিকদার (আম্বালা আইটির প্রতিনিধি), মো. জামাল উদ্দিন (লিবার্টি লিভিং লিমিটেডের প্রতিনিধি) এবং মো. নুরুল আজিম রিফাত সরাসরি ও ভার্চুয়ালি অংশ নেন।

সভায় আরও উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. শাহ জামাল হাওলাদার এবং প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) মোহাম্মদ আবু হাসান। সভা পরিচালনা করেন কোম্পানি সচিব মো. সালাহউদ্দীন।

এজিএমে কোম্পানির ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করা হয় এবং তা অনুমোদন দেওয়া হয়। সভায় কোম্পানির বিদ্যমান পরিচালনা পর্ষদের এক-তৃতীয়াংশ পরিচালকের অবসর ও পুনর্নির্বাচন সম্পন্ন হয়। পাশাপাশি ২০২৬ সালের জন্য নিরীক্ষক নিয়োগের বিষয়টিও অনুমোদন করা হয়।

সভায় কোম্পানির ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা ও কৌশল তুলে ধরেন ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. শাহ জামাল হাওলাদার। তিনি কোম্পানির ব্যবসা সম্প্রসারণ, গ্রাহকসেবা উন্নয়ন এবং ভবিষ্যৎ প্রবৃদ্ধির বিভিন্ন পরিকল্পনা শেয়ারহোল্ডারদের সামনে উপস্থাপন করেন।

কোম্পানির ব্যবসায়িক কার্যক্রম ও সার্বিক সাফল্যে সন্তোষ প্রকাশ করেন শেয়ারহোল্ডাররা। একই সঙ্গে কোম্পানির সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগ এবং ব্যবস্থাপনা টিমের কার্যক্রমের জন্য তাদের ধন্যবাদ জানান তারা।

সভা শেষে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স পিএলসির উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।