নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি আবাসিক মাদ্রাসার ছাদে বৈদ্যুতিক সটসার্কিটে ৫ শিশু শিক্ষার্থী দগ্ধ হয়েছে। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ফতুল্লা কাশিপুর হাজীপাড়া মাহেলা খাতুন বালিকা মাদ্রাসায় এই দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলো- ৬ষ্ঠ শ্রেণির জিদনী (১৪), ৪র্থ শ্রেণির লামিয়া আক্তার শাপলা (১৩), ৭ম শ্রেণির সুমাইয়া আক্তার (১৩), ৩য় শ্রেণির আসিয়া আক্তার আফরোজা (১২) ও ৪র্থ শ্রেণির আতিয়া (১১)।
মাদ্রাসার ক্যাশিয়ার মো. ইউসুফ জানান, ওই ৫ শিশু সেখানকার আবাসিক ছাত্রী। বিকেলে তারা ৩ তলা মাদ্রাসা ভবনের ছাদে যায়। কিছুক্ষণ পর একটি শব্দ শোন যায়। সঙ্গে সঙ্গে ছাদে গিয়ে দেখা যায়, তারা আগুনে ঝলসে গেছে। তখন তাদের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পরবর্তীতে তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।
তিনি জানান, ভবনের ছাদের উপর দিয়ে উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তার রয়েছে। তাদের ধারণা, সেখান থেকেই কোনোভাবে পাঁচ শিক্ষার্থী বিদ্যুতায়িত হয়েছে।
দগ্ধ শিশুরা জানায়, তারা বিকেলে খেলার জন্য ছাদে গিয়েছিল। খেলাধুলা করার সময় হঠাৎ করেই তাদের শরীরে আগুন ধরে যায়। তবে কীভাবে আগুন লেগেছে তা তারা বলতে পারেনি।
বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ জানান, পাঁচজনের অবস্থাই গুরুতর। তাদের জরুরি বিভাগের চিকিৎসা দেওয়া হচ্ছে।