সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫-এ চূড়ান্তভাবে নির্বাচিত হয়েও নিয়োগপত্র না পাওয়ার অভিযোগে কর্মসূচি ঘোষণা করেছেন নিয়োগ বঞ্চিত সহকারী শিক্ষকরা।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ এ নিয়োগ বঞ্চিত সহকারী শিক্ষকরা সংবাদ সম্মেলনের মাধ্যমে এই কর্মসূচির কথা জানিয়েছেন।
সংবাদ সম্মেলন থেকে শিক্ষকরা আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে নিয়োগপত্র প্রকাশ এবং ১ অক্টোবর থেকে নিজ নিজ জেলায় যোগদানের ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এই দাবিতে আগামীকাল রবিবার (২৭ সেপ্টেম্বর) শাহবাগে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন নিয়োগবঞ্চিত সহকারী শিক্ষকরা।
সংবাদ সম্মেলনে তারা বলেন, চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত হলেও দীর্ঘ প্রায় আট মাস ধরে বেকার রয়েছেন। গত ২৪ সেপ্টেম্বর থেকে দেশের বিভিন্ন জেলায় নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের জেলাভিত্তিক তালিকা প্রকাশ করা হলেও ওই তালিকায় তাদের নাম বা তথ্য পাওয়া যায়নি বলে দাবি করেন তারা।
নিয়োগবঞ্চিতদের দাবি, এ সংখ্যা প্রায় ২ হাজারের মতো। চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পরও নিয়োগপত্র না পাওয়ায় তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত নিয়োগপত্র প্রকাশের দাবি জানিয়েছেন।