নাসিরনগরে নিখোঁজের ২ দিন পর মাদরাসা সুপারের মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নিখোঁজের দুইদিন পর ফরিদুল রহমান (৩৬) নামে এক মাদরাসা সুপারের অর্ধগলিত মরহেদ উদ্ধার করেছে পুলিশ।
 
শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার গুনিয়াউক ইউনিয়নের দক্ষিণ বেলমুড়া এলাকার একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
 
নিহত ফরিদুল রহমান হবিগঞ্জের বানিয়াচং উপজেলার রায়পুর গ্রামের ছাবির হোসেনের ছেলে। তিনি মাধবপুর উপজেলার ‘মোহাম্মদপুর বাগে মদিনা ইবতেদায়ি মাদরাসার সুপারিনটেনডেন্ট (সুপার) হিসেবে কর্মরত ছিলেন। তার এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।
 
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) থেকে ফরিদুল রহমান নিখোঁজ ছিলেন। স্বজনেরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। 
আজ বিকালে নাসিরনগরের গুনিয়াউক ইউনিয়নের বেলমুড়া এলাকার একটি ডোবায় এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন। পরে মরদেহের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্বজনেরা এসে ফরিদুল রহমানের পরিচয় নিশ্চিত করেন।
 
মাধবপুর থানার (ওসি) মোহাম্মদ সোহেল রানা বলেন, মাধবপুর মাদ্রাসা সুপারের নিখোঁজের বিষয়ে পরিবারের পক্ষ থেকে আমাদের কাছে কোন অভিযোগ করেনি।
 
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুল ইসলাম বলেন, দুই দিন আগে তিনি মাদরাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। আজ ডোবা থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এটি হত্যা নাকি অন্য কিছু, তা ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর বলা সম্ভব হবে।