বেসরকারি গ্রন্থাগার সংহতির ১ম সভা অনুষ্ঠিত

দেশের গ্রন্থাগার আন্দোলনকে জোরদার করারা লক্ষে গড়ে ওঠা সংগঠন বাংলাদেশ বেসরকারি গ্রন্থাগার সংহতির জাতীয় নির্বাহী পরিষদের প্রথম সভা শনিবার অনুষ্ঠিত হয়েছে।

রাজধানীর লালবাগে গ্রন্থাবিতান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. শাহনেওয়াজ। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জহির উদ্দিন বুলবুল।

গত ২২ আগস্ট রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে অনুষ্ঠিত প্রথম জাতীয় সম্মেলনে জাতীয়ভিত্তিক এই সংগঠন আত্মপ্রকাশ করে। সম্মেলনে সারা দেশের ১০৮টি গ্রন্থাগারের প্রতিনিধির মধ্য থেকে ৩৩ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি গঠন করা হয়। 

নির্বাহী কমিটির সভার শুরুতে সদস্যদের পরিচিতি অনুষ্ঠিত হয়। এরপর জাতীয় সম্মেলনের হিসাব অনুমোদন করা হয়। সভায় সংগঠনের বার্ষিক কর্মসূচি প্রণয়ন নিয়ে আলোচনা হয়।

সভায় গ্রন্থাগার পরিচালনা ও উন্নয়নে সরকারের সঙ্গে বিভিন্ন দাবি নিয়ে আলোচনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে— গ্রন্থাগারের জন্য সরকার প্রদত্ত অনুদান বৃদ্ধির পাশাপাশি লাইব্রেরিয়ান বেতন বাবদ প্রতি মাসে দশ হাজার টাকা প্রদান, সরকার গঠিত রিডিং সোসাইটির কমিটিতে গ্রন্থাগার প্রতিনিধির সংখ্যা বৃদ্ধি এবং জাতীয় গ্রন্থাগার দিবসসহ গ্রন্থাগার বিষয়ক বিভিন্ন সরকারি কর্মসূচিতে গ্রন্থাগারসমূহ ও পাঠকদের অংশগ্রহণ নিশ্চিত করা প্রভৃতি।