বিশ্ব নদীকৃত্য দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীসহ দেশের বিভিন্ন নদী রক্ষার দাবিতে নৌ-র্যালি অনুষ্ঠিত হয়েছে। নদী বাঁচান, দেশ বাঁচান শ্লোগানে নদী রক্ষা ও প্রকৃতি সংরক্ষণে সামাজিক সংগঠন তরী, বাংলাদেশ এই কর্মসূচির আয়োজন করে।
শনিবার বেলা ১১টায় জেলা শহরের তিতাস নদীর আনন্দ বাজার ঘাট থেকে নৌ-র্যালিটি শুরু হয়ে পৌর এলাকার ভাদুঘর বাজার ঘাট পর্যন্ত গিয়ে পুনরায় আনন্দ বাজার ঘাটে এসে শেষ হয়।
প্রধান অতিথি হিসেবে নৌ-র্যালি উদ্বোধন করেন, ব্রাহ্মণবাড়িয়া-৩- আসনের সংসদ সদস্য ও বানিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল।
তরী, বাংলাদেশের আহবায়ক শামীম আহমেদের সভাপতিত্বে উদ্বোধণী অনুষ্ঠানে অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক মো. সিরাজুল ইসলাম, জেলা বিএনপির সিনিয়র সহ-ভাপতি জহিরুল হক খোকন, জেলা বিএনপির সাবেক সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, ব্রাহ্মণবাড়িয়া পৌর ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি এ.বি.এম মোমিনুল হক।
প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপি বলেন, নদী বাঁচলে দেশ বাঁচবে। তাই আমাদের উচিত জনগণকে সাথে নিয়ে নদীর দখল-দূষণ দূর করা। সারা দেশে নদী ও পরিবেশ সুরক্ষায় সরকারও বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। তিনি আরও বলেন, নদী সুরক্ষায় তরী বাংলাদেশ এর এই সামাজিক আন্দোলনে সব সময়ই পূর্ণ সমর্থন ও সহযোগিতা থাকবে।
জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম বলেন, আইনগত বাঁধা কাটিয়ে নদীর সকল অবৈধ দখল উচ্ছেদের উদ্যোগ নেয়া হবে।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, পরিবেশকর্মী, সংগঠন ও স্থানীয় সচেতন নাগরিকরা অংশ নেন।