বাস্তবধর্মী ও চমৎকার জীবনঘনিষ্ঠ গল্পের নাটক ‘অভিযোগ ছিল না’ মুক্তির পরপরই অনলাইন মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। গত ২৪ সেপ্টেম্বর ইউটিউবে ‘গ্লোবাল টিভি অনলাইন’ চ্যানেলে প্রকাশ পাওয়ার পর মাত্র কয়েক দিনেই নাটকটি উপভোগ করেছেন ১০ লাখেরও বেশি দর্শক।
দয়াল সাহার রচনায় নাটকটি পরিচালনা করেছেন রাইসুল তমাল। এতে কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন আরশ খান ও তন্বি মাহমিদ তৃণা। নাটকে নিম্ন-মধ্যবিত্ত জীবনের গল্প, সমাজ ও পরিবারের নানা টানাপড়েন নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে।
নাটকটি দেখার পর সোশ্যাল মিডিয়ায় ভূয়সী প্রশংসা করছেন দর্শক ও ভক্তরা। এক দর্শক মন্তব্য করেছেন, নাটকের গল্প আমাদের দেশের ও সমাজের বাস্তব চিত্র; রাইসুল তমাল ও আরশ খানের অভিনয়ে অভিযোগের কোনো সুযোগ নেই। এমনকি সীমানা পেরিয়ে ভারতীয় দর্শকরাও নাটকটির প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন। সাধারণ জীবনের সততা ও মানবিক আবেগের অনন্য উপস্থাপন হিসেবে নাটকটি এখন সর্বমহলে প্রশংসা পাচ্ছে।