সারা বিশ্বের মতো বাংলাদেশের মার্ভেল ভক্তদের অপেক্ষার অবসান হতে যাচ্ছে এই ডিসেম্বরে। আগামী ১৮ ডিসেম্বর হলিউডে ঝড় তুলতে আসছে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের (এমসিইউ) বহুল প্রতীক্ষিত সিনেমা ‘অ্যাভেঞ্জার্স : ডুমসডে’। এবার সবচেয়ে বড় চমক হলো, ‘আয়রন ম্যান’ খ্যাত রবার্ট ডাউনি জুনিয়র ফিরছেন ভয়ংকর ভিলেন ‘ডক্টর ডুম’ হয়ে!
মার্ভেল স্টুডিওর অবশ্য শুরুতে ভিন্ন পরিকল্পনা ছিল। ২০২২ সালে তারা ‘অ্যাভেঞ্জার্স : দ্য ক্যাং ডাইনেস্টি’ নির্মাণের ঘোষণা দিয়েছিল, যেখানে মূল খলনায়ক হওয়ার কথা ছিল ‘ক্যাং দ্য কনকারার’। কিন্তু অভিনেতা জোনাথন মেজরস আইনি জটিলতায় জড়িয়ে দোষী সাব্যস্ত হলে তাকে বাদ দিতে বাধ্য হয় ডিজনি। এরপর পুরো সিনেমার গল্প পাল্টে ফেলে স্টুডিওটি। নতুন গল্প দিয়ে শুরু করে ‘ডুমসডে’-এর কাজ।
সিনেমার গল্প নিয়ে এখনো পুরোপুরি মুখ খোলেননি নির্মাতারা। তবে আভাস মিলেছে, এক ভয়াবহ বিপর্যয়ের হাত থেকে পৃথিবীকে বাঁচাতে তিনটি ভিন্ন ইউনিভার্সের সুপারহিরোরা এবার এক হবেন। মূল এমসিইউ, ফ্যান্টাস্টিক ফোর এবং এক্স-মেন, এই তিন ইউনিভার্সের চরিত্রগুলোকে দেখা যাবে এক পর্দায়। মূলত এই সিনেমার মাধ্যমেই এমসিইউর ‘মাল্টিভার্স সাগা’র শেষ পর্বের দিকে এগোবে গল্প।
কাস্টিংয়ের দিক দিয়ে এটি এমসিইউর ইতিহাসের অন্যতম বিশাল প্রজেক্ট হতে যাচ্ছে। রবার্ট ডাউনি জুনিয়রের পাশাপাশি ফিরছেন ক্যাপ্টেন আমেরিকা খ্যাত ক্রিস ইভান্স ও থর খ্যাত ক্রিস হেমসওয়ার্থ। অ্যাভেঞ্জার্সের সঙ্গে এবার প্রথমবারের মতো যুক্ত হচ্ছে ফ্যান্টাস্টিক ফোরের অভিনেতারা পেড্রো পাসকাল, ভ্যানেসা কার্বি, জোসেফ কুইন ও এবন মস-বাখরাখ।
বাদ যাচ্ছেন না থান্ডারবোল্টস টিমের ফ্লোরেন্স পিউ, সেবাস্টিয়ান স্ট্যান কিংবা ডেভিড হারবাররাও। চমকের এখানেই শেষ নয়, পুরনো এক্স-মেন সিরিজের প্যাট্রিক স্টুয়ার্ট (প্রফেসর এক্স) ও ইয়ান ম্যাককেলেন (ম্যাগনেটো)-ও যোগ দিচ্ছেন এই মহাযজ্ঞে। সব মিলিয়ে ২৭ জনের বেশি তারকা নিয়ে গড়া হয়েছে এই সিনেমার কাস্ট।
‘অ্যাভেঞ্জার্স : ইনফিনিটি ওয়ার’ ও ‘এন্ডগেম’-এর মতো ব্লকবাস্টার উপহার দেওয়া জো ও অ্যান্থনি রুশো ভ্রাতৃদ্বয়ই এই সিনেমার পরিচালনার চেয়ারে আছেন। তারা জানিয়েছেন, ইনফিনিটি ওয়ার ও এন্ডগেম যেখানে প্রথম সাগার সমাপ্তি টেনেছিল, সেখানে ‘ডুমসডে’ দিয়ে মার্ভেলের নতুন এক যুগের সূচনা হতে যাচ্ছে। এরপর ২০২৭ সালে আসবে সিক্যুয়েল ‘অ্যাভেঞ্জার্স : সিক্রেট ওয়ারস’।
মজার বিষয় হলো, আগামী ১৮ ডিসেম্বর ডুমসডের পাশাপাশি মুক্তি পাওয়ার কথা রয়েছে হলিউডের আরেক আলোচিত সিনেমা ‘ডুন : পার্ট থ্রি’। দুটি মেগা রিলিজ একই দিনে পড়ায় দর্শকরা এই দিনটিকে মজা করে ডাকছেন ‘ডুনসডে’!