জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৮টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি পৌঁছান।
এর আগে স্থানীয় সময় শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইনসের নিয়মিত ফ্লাইট নিউ ইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে।
প্রধানমন্ত্রীর সঙ্গে তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীরা রয়েছেন।
জাতিসংঘের এবারের সফরে প্রধানমন্ত্রী সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূল কার্যক্রমে অংশ নেওয়ার পাশাপাশি প্রায় ৩০টি গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ সভা-সেমিনারে যোগ দেন।
সফরকালে তিনি বিভিন্ন রাষ্ট্র ও সরকারপ্রধান, আন্তর্জাতিক সংস্থার প্রধান এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে একাধিক দ্বিপাক্ষিক ও সাইডলাইন বৈঠকে অংশ নেন।
বিমানবন্দরে প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণীকে ফুল দিয়ে স্বাগত জানান এলজিআরডিমন্ত্রী আবদুল মঈন খান, চিফ হুইপ নূরুল ইসলাম মনি, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শামছুল ইসলাম, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।