কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় বিএনপির চাঁদাবাজির অভিযোগকে ‘ঢালাও’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ঘটনাস্থলের জমি নিয়ে দুই পক্ষের বিরোধ ছিল। সেখানে দখল-বেদখলের ঘটনাকে কেন্দ্র করে ভাঙচুর হয়েছে। মামলা হলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) সচিবালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
সালমান মুক্তাদিরের বক্তব্য প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, তিনি একদিকে বলেছেন, তার কাছে কেউ চাঁদা চাননি এবং চাইলে তিনি তা দিতেন। অন্যদিকে বিএনপিকে ‘চাঁদাবাজ দল’ বলেছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য, এ ধরনের ঢালাও অভিযোগের কোনো মানে নেই।
নিজেকেও সালমানের বক্তব্যে ইঙ্গিত করা হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কারও উদ্দেশে কিছু বলা গণতন্ত্র ও বাক্স্বাধীনতার অংশ হতে পারে। তবে তাঁর প্রশ্ন, সালমান মুক্তাদির এ ঘটনায় কোনো মামলা করেছেন কি না।
হামলার ঘটনা সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সালমান মুক্তাদির আক্রান্ত হয়েছেন, তা তারা দেখেছেন। এ ঘটনায় একটি প্রাথমিক তদন্ত হয়েছে, তবে সেটি খুব সংক্ষিপ্ত। আরও বিস্তারিত তদন্ত প্রয়োজন বলেও জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ঘটনাস্থল মানিকদী নামাপাড়া, যা ক্যান্টনমেন্ট থানার অন্তর্গত। সেখানে প্রায় ৩৫ শতাংশ জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছে। এক পক্ষ একটি বিল্ডার প্রতিষ্ঠান এবং অন্য পক্ষ একজন অবসরপ্রাপ্ত সিনিয়র সামরিক কর্মকর্তা।
তিনি আরও বলেন, প্রাথমিক তদন্তের তথ্য অনুযায়ী, ওই অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পক্ষে কিছু লোক রাতের অন্ধকারে জায়গাটি দখল করতে যায়। সেখানে ভাঙচুরের ঘটনাও ঘটে। ওই স্থাপনার মধ্যে সালমান মুক্তাদিরের একটি টিনশেড স্থাপনা ছিল, যেখানে সম্ভবত বিভিন্ন ধরনের কনটেন্ট তৈরির কাজ হতো। ওই স্থাপনাতেও বেশ কিছু ভাঙচুর হয়েছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে শিগগিরই মামলা হতে পারে।
এদিকে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে ও রবিবার সকালে তাঁদের আটক করা হয়। তবে এখনো এ ঘটনায় কোনো মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ।
ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজে অবস্থিত স্টুডিওতে হামলার পর সালমান মুক্তাদির তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে স্টুডিওর বিভিন্ন অংশে ভাঙচুরের চিত্র দেখা যায়। চেয়ার, টেবিল, টেলিভিশনসহ বিভিন্ন আসবাব ও সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। স্টুডিওর কয়েকজন কর্মীকে কাঁদতেও দেখা যায়।
ভিডিওতে সালমান মুক্তাদির বলেন, হামলায় তাদের পুরো স্টুডিও ক্ষতিগ্রস্ত হয়েছে।