জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (২৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার সাতানীপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার দিগলকোনা গ্রামে এ অভিযান পরিচালনা করে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) সদস্যরা। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্র জানায়, সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে সাতানীপাড়া বিওপির একটি টহলদল দিগলকোনা এলাকায় অভিযান চালায়। একপর্যায়ে সীমান্ত পিলার ১০৮৯/এমপি থেকে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একটি এলাকায় সন্দেহজনক অবস্থায় কিছু মালামাল পড়ে থাকতে দেখে তল্লাশি চালানো হয়। পরে সেখান থেকে ৫৬৭ পিস বিভিন্ন ধরনের ভারতীয় কসমেটিকস পণ্য উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, জব্দ করা পণ্যগুলোর মধ্যে বিভিন্ন ধরনের ভারতীয় প্রসাধনী রয়েছে। এসব পণ্য চোরাচালানের মাধ্যমে দেশে আনা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জব্দ করা মালামাল বকশীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে বিজিবি।
জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল হাসনুর রহমান বলেন, সীমান্তে মাদক ও চোরাচালানের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান প্রতিরোধে বিজিবি সদস্যরা দায়িত্বশীল ভূমিকা পালন করছেন।