পাকিস্তান থেকে সীমান্ত পেরিয়ে আফগানিস্তানে প্রবেশ করা একদল যোদ্ধার বিরুদ্ধে অভিযান চালিয়ে ২৮ জনকে হত্যার দাবি করেছে আফগানিস্তান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনায় আরও ৩২ জন আহত হয়েছেন। খবর রয়টার্স ও টাইমস অব ইন্ডিয়া।
রবিবার (২৭ সেপ্টেম্বর) আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, পূর্বাঞ্চলীয় নুরিস্তান প্রদেশে এই অভিযান চালানো হয়। নিহত ও আহতদের মধ্যে ইসলামিক স্টেটের (আইএস) সদস্যরাও ছিলেন বলে দাবি করেছে মন্ত্রণালয়।
আফগান কর্তৃপক্ষের অভিযোগ, পাকিস্তানি মিলিশিয়ারা ওই যোদ্ধাদের সহায়তা করেছে। নিহতদের অধিকাংশই আফগানিস্তানের সাবেক সরকারের নিরাপত্তা বাহিনীর সদস্য ছিলেন বলেও দাবি করা হয়েছে।
এ বিষয়ে পাকিস্তানের সামরিক বাহিনী ও তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
দুরান্ড সীমারেখা ঘিরে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দেওয়ার কয়েক দিনের মধ্যেই সর্বশেষ এই সংঘর্ষের ঘটনা ঘটল। সীমান্তের গুলিস্তান সেক্টরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও গোলাগুলির খবর পাওয়া গেছে।
সাম্প্রতিক ওই উত্তেজনায় বেশ কয়েকজন তালেবান সদস্যও নিহত হয়েছেন বলে জানা গেছে।
আফগানিস্তান ইন্টারন্যাশনালের উদ্ধৃত সূত্রগুলো জানিয়েছে, পরিকল্পিত হামলার বিস্তারিত তথ্য এখনো স্পষ্ট নয়। তবে পাকিস্তানের নিরাপত্তা সূত্রগুলো ঘটনাটিকে ‘প্রতিশোধমূলক’ অভিযান হিসেবে বর্ণনা করেছে। তাদের দাবি, পাকিস্তানের ভূখণ্ডে প্রবেশ করে আগ্রাসী কর্মকাণ্ড চালানোর একটি প্রচেষ্টার জবাবেই এই অভিযান পরিচালনা করা হয়েছে।
এদিকে আফগান তালেবান বাহিনী ও পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর মধ্যে সীমান্ত এলাকায় থেমে থেমে গোলাগুলি অব্যাহত রয়েছে। পরিস্থিতির কারণে সীমান্তে উভয় পক্ষের সেনারা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।