এআই, ইআরপি ও কোচিংয়ের ভবিষ্যৎ নিয়ে বার্তা

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই), এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং (ইআরপি) এবং কোচিং খাতের দেশ-বিদেশের শীর্ষ বিশেষজ্ঞদের অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন হয়েছে ‘এআইফোরবিটি গ্লোবাল সামিট’-এর দ্বিতীয় দিনের আলোচনা।
 
প্রযুক্তিভিত্তিক এ আয়োজনে এআইয়ের চরম উৎকর্ষের যুগে প্রতিষ্ঠানের প্রস্তুতি, কোচদের ভূমিকা ও ইআরপির ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা উঠে এসেছে।

সামিটের দ্বিতীয় দিনে টেক কী-নোট উপস্থাপন করেন মেটামরফোসিসের সিওও সাদিক এম আলম এবং হেড অব টেকনোলজি নিয়াজ শাহরিয়ার শিশির। তারা স্বয়ংক্রিয় এআই এজেন্ট, মাল্টি-এজেন্ট ওয়ার্কফ্লো এবং ইআরপি ব্যবস্থাকে অভিযোজনমুখী এন্টারপ্রাইজ ইঞ্জিনে রূপান্তরের নানা বাস্তবতা তুলে ধরেন।
 
এছাড়া প্রাইম ব্যাংকের এসভিপি এম এম মাহবুব হাসান এআইকে আর্থিক ব্যবস্থাপনায় কাজে লাগানোর কৌশল আলোচনা করেন। সাইবার সিকিউরিটি ও ডেটা গভর্ন্যান্স নিয়ে তথ্যবহুল কী-নোট দেন বাংলাদেশ ফাইন্যান্সের সিটিও ফয়সাল হোসেন।

দিনটিতে একটি প্রাণবন্ত গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়, যেখানে জয়া বার্লিন, কামরুল হাসান, শবনম মোস্তারী, এ বি এম ইউসুফ আলি খান, আফিয়া পারভীন ও মামুন মোর্শেদ অংশ নেন। তারা অটোমেশনকেন্দ্রিক ভীতি দূরীকরণ ও আধুনিক শিখন উপযোগী প্রতিষ্ঠান গড়ার ওপর গুরুত্ব দেন।

পরবর্তীতে স্যাপ (এসএপি) বিশেষজ্ঞ দেবরাজ ভট্টাচার্য এআইয়ের মাধ্যমে স্যাপ ইকোসিস্টেমের রূপান্তর এবং ব্রেইন স্টেশন ২৩-এর সিইও রাইসুল কবির এজেন্টিক ইআরপির ওপর লাইভ ওয়ার্কশপ পরিচালনা করেন।
 
অনুষ্ঠানের সারসংক্ষেপ ও সার্টিফিকেট প্রদানের ঘোষণার মাধ্যমে দিনের সমাপ্তি টানেন সাদিক এম আলম এবং মাহমুদুল হাসান। ৩ দিনব্যাপী এ সামিটের বিস্তারিত তথ্য মিলছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে।