ভারতের উত্তর প্রদেশে ভারী বৃষ্টিতে বন্যা-ভূমিধস, নিহত ৫৬

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে টানা ভারী বৃষ্টিতে বন্যা ও ভূমিধসে গত তিন দিনে অন্তত ৫৬ জনের মৃত্যু হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) রাজ্য সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এ তথ্য জানিয়েছে। খবর গালফ টাইমসের। 

ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তর প্রদেশে ২৪ কোটিরও বেশি মানুষ বসবাস করেন। প্রতি বছর জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষা মৌসুমে রাজ্যটিতে ভারী বৃষ্টি ও বজ্রঝড় হয়ে থাকে।

রাজ্য সরকারের ত্রাণ কমিশনারের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, উত্তর প্রদেশের বিস্তীর্ণ এলাকায় এবার ‘অস্বাভাবিক মাত্রার ভারী বৃষ্টি’ হয়েছে। এর মধ্যেই সর্বশেষ প্রাণহানির ঘটনাগুলো ঘটেছে।

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ স্থলভাগে উঠে আরও শক্তিশালী হয়ে ওঠার পর পুরো অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে যায়। এতে এক হাজারেরও বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ভারতের আবহাওয়া দপ্তর সাম্প্রতিক বছরগুলোতে বজ্রঝড় ও বজ্রপাতসহ চরম আবহাওয়ার ঘটনা বাড়ার বিষয়ে সতর্ক করে আসছে। বিশেষজ্ঞদের মতে, তাপমাত্রা বৃদ্ধি ও জলবায়ুর পরিবর্তিত ধরন এসব চরম আবহাওয়ার পেছনে ভূমিকা রাখছে।

সরকারি বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার থেকে রবিবার পর্যন্ত উত্তর প্রদেশে মোট ৬৬ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অথচ এই সময়ে মৌসুমের স্বাভাবিক গড় বৃষ্টিপাত মাত্র ৭ দশমিক ৬ মিলিমিটার।